পরিস্থিতিকে নিয়ন্ত্রনে আনতে আংশিক লকডাউনের পথে রাজ্য প্রশাসন । এর ফলে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যাচ্ছে বাজার। আপাতত পুরো বন্ধ থাকছে হোটেল, রেস্তোরাঁ , শপিং মল, বিউটি পার্লার, স্পা, সেলুন ইত্যাদি। শুক্রবার সন্ধে থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল সিনেমাহল, রেস্তরাঁ। বেঁধে দেওয়া হল বাজারে সময়সীমাও।
সকালে ৭টা থেকে ১০ টা ও বিকেলে ৩ টে থেকে ৫ টা পর্যন্ত খোলা থাকবে বাজার। তবে ছাড় দেওয়া হয়েছে অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে। তাই আপাতত খোলা থাকবে মুদি দোকান।
সিনেমা হল, রেস্তরাঁ ছাড়াও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে শপিং মল, বার, স্পা, বিউটি পার্লার, সুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স ও জিম।
প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ করতে পারে রাজ্য। এমনটাই রাজ্য প্রশাসনের তরফে জানা গেছে।
এই নিয়ম ভাঙলে আইনি পদক্ষেপের কথাও বলা হয়েছে রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায়।
রাজনৈতিক জমায়েত, মিছিল, সামাজিক, সাংস্কৃতিক, বা পড়াশোনার সংক্রান্ত কোনও অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।
ভোটের ফল প্রকাশের দিন কোনরকম ভাবে বিজয় মিছিল বার করা যাবে না এই নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন, তাকে বহাল রাখল রাজ্য প্রশাসন।
করোনা সংক্রমণ রুখতে সোমবার থেকে দক্ষিণ দমদমের বাজারগুলি সপ্তাহে তিনদিন অর্থাৎ সোম, বুধ, শুক্রবার করে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেখানকার পুরসভার উদ্যোগে।
রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়ছে । প্রতিদিনই ভাঙছে রেকর্ড। নতুন করে আক্রান্ত ১৭ হাজার ৪১১, একদিনে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৩ হাজার ৯৩২ জন। একদিনে মৃত ৯৬ জন।
কলকাতা উত্তর ২৪ পরগনায় করোনায় নতুন করে দৈনিক আক্রান্তের সংখ্যা চার হাজারের দোরগোড়ায়।
একদিনে কলকাতায় নতুন করে আক্রান্ত ৩ হাজার ৯২৪, উত্তর ২৪ পরগনায় ৩ হাজার ৯৩২।
পরবর্তী সময়ে আরও একাধিক ক্ষেত্রে নির্দেশিকা জারি করার আশঙ্কা করা হচ্ছে।