নির্বাচন পর্ব মিটতেই রাজ্যে একের পর এক হামলা ও হিংসার ঘটনা ঘটেছে।রাজ্যে হিংসা বন্ধ না হওয়া পর্যন্ত বিধানসভার অধিবেশন বয়কট করছে বিজেপি। বিধানসভায় আসবেন না কোনও বিজেপি বিধায়ক। বিধানসভার অধ্যক্ষ নির্বাচনেও অংশ নেবেন না তাঁরা। সিদ্ধান্ত বিজেপির পরিষদীয় দলের বৈঠকে৷ পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে বৃহস্পতিবারই এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। জানা গিয়েছে, রাজ্যে এসেই নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক সম্পন্ন করেছে তারা৷ এই পরিস্থিতিতে শুক্রবার বিধানসভায় এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে তিনি বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শুভেন্দু অধিকারী কিংবা মুকুল রায় উপস্থিত না থাকলেও ঠিক হয়, আগামিকাল স্পিকার নির্বাচনে দলের কোনও বিধায়কই অংশ নেবেন না।