করোনা প্রতিষেধক টিকা নেওয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন এবং আগাম বুকিং বাধ্যতামূলক নয়।
১৮ বছরের বেশি বয়সী ব্যক্তিরা সরাসরি টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারেন। সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করানো যাবে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকের তরফ থেকে একথা জানানো হয়েছে।
কো-উইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশনের অনেকগুলি পদ্ধতি রয়েছে। এর ফলে গ্রামীন অঞ্চলের মানুষ সরাসরি কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। এজন্য ১০৭৫ হেল্প লাইনের মাধ্যমে নিবন্ধকরণ সুবিধা নেওয়া যাবে। এটিও চালু করা হয়েছে।
জানা গেছে, ১৩ জুন পর্যন্ত ২৮ কোটি ৩৬ লক্ষ সুবিধাভোগী কো-উইন অ্যাপের মাধ্যমে নিবন্ধকরণ করিয়েছেন। এরমধ্যে ১৬ কোটি ৪৫ লক্ষ, অর্থাৎ ৫৮ শতাংশ অন-সাইট মোডে নিবন্ধকরণ করিয়েছেন।
এছাড়া, ১৩ জুন পর্যন্ত ২৪ কোটি ৮৪ লক্ষ টিকার ডোজ কো-উইন অ্যাপের মাধ্যমে রেকর্ড করা হয়েছে। যার মধ্যে ১৯ কোটি ৮৪ লক্ষ টিকার ডোজ গ্রহণ কেন্দ্র থেকে নিবন্ধকরণ করানো হয়েছে।
গত ১ মে,২০২১ থেকে ১২ জুন পর্যন্ত মোট ১,০৩,৫৮৫ টিকা গ্রহণ কেন্দ্র মারফত টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে ২৬ হাজার ১১৪ টি উপস্বাস্থ্য কেন্দ্র, ২৬ হাজার ২৮৭ টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং ৯ হাজার ৪৪১টি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র মারফত টিকা দেওয়া হয়েছে।
কো-উইন অ্যাপের মাধ্যমে টিকা করনের জন্য সারা দেশে ৬৯ হাজার ৯৯৫ টিকাদান কেন্দ্র রয়েছে। এই টিকাদান কেন্দ্র গুলির মধ্যে ৭১ শতাংশ গ্রামীণ এলাকায় অবস্থিত।
