উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্তবর্তী অঞ্চলে মোতায়েন করা সীমান্ত সুরক্ষা বাহিনীর ১০৭ ব্যাটেলিয়নের জওয়ানরা একজন ভারতীয় নাগরিককে ৩৮ বোতল মদ সহ গ্রেপ্তার করেছে । যার পরিচয় অসিত মণ্ডল, বয়স ৪৬ বছর , পিতা – স্বর্গীয় নেপাল মন্ডল, গ্রাম – সুতিয়া, থানা – বনগাঁ, জেলা উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।
সীমান্ত সুরক্ষা বাহিনী একটি বিবৃতিতে বলেছে যে, গত ০৭ ই জুলাই সীমান্ত সুরক্ষা বাহিনীর গোয়েন্দা শাখার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, ১০৭ ব্যাটেলিয়ন সীমান্ত চৌকি সুতিয়ার জওয়ানরা তাদের এলাকায় একটি বিশেষ টহল অভিযান চালায় । বিকাল আনুমানিক পৌনে ০৫ টার দিকে, টহল দল একজন সন্দেহভাজন ব্যক্তিকে সাইকেলে করে তিনটি ব্যাগ নিয়ে আসতে দেখে । জওয়ানরা তাকে থামতে বললে , সে পালাতে চেষ্টা করে কিন্তু প্রস্তুত জওয়ানরা তাকে তাড়া করে ধরে ফেলে এবং আশেপাশের এলাকা তল্লাশির সময় মদ ভরা তিনটি ব্যাগ পাওয়া যায় , যার ভিতরে দেশি বিদেশি মদের সাথে বিয়ারও ছিল । গ্রেফতারকৃত ব্যক্তিকে আরও জিজ্ঞাসাবাদের জন্য সীমান্ত চৌকি সুতিয়ায় আনা হয় ।
জিজ্ঞাসাবাদে অসিত মণ্ডল জানায় যে দীর্ঘদিন ধরে সে সুতিয়া গ্রামের একটি হার্ডওয়্যার দোকানের আড়ালে অবৈধভাবে মদ বিক্রি করতো । বনগাঁয়ের মদের দোকান থাকা বনগাঁর বাসিন্দা রানা মণ্ডলের কাছ থেকে আজ সে এই মদ এনেছিলো । সে আরও বলে যেসে সুতিয়া গ্রামের রাম মণ্ডল, দেবদাস মণ্ডল এবং মধু মণ্ডলের কাছে মদ বিক্রি করে।
আটক করা সামগ্রী সহ ধৃত ব্যক্তিকে আরও আইনী কার্যক্রমের জন্য থানা বনগাঁতে হস্তান্তর করা হয়েছে।
১০৭ ব্যাটালিয়ন এর কমান্ডিং অফিসার, শ্রী সঞ্জয় কুমার, বলেছেন যে সীমান্ত সুরক্ষা বাহিনী সর্বদা সীমান্তের অপরাধ রোধ করার পাশাপাশি সীমান্তবর্তী গ্রামগুলিতে অবৈধ কার্যকলাপ রোধে কাজ করে চলেছে। যার কারণে এ জাতীয় অপরাধে জড়িত লোকদের গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। যাতে আইন অনুযায়ী তাদের শাস্তি দেওয়া যায়।
