ডা চন্দ্রগুপ্ত

প্রথম পর্বের পর……

এছাড়া রাজ্য নেতৃত্ব অতি বিশেষ দায়িত্বও দিয়েছে তাকে, সেটাই প্রণব বসুকে ভাবাচ্ছে।

এই জোনে নয়টি কলেজে ছাত্র সংসদ নির্বাচন আগামী এপ্রিলে। তাই আজকের মিটিংয়ের এজেন্ডা কলেজ নির্বাচন। সব জোনের নেতারা প্রণবদার সামনে চুপ করে বসে আছে পার্টির নির্দেশ শোনার অপেক্ষায়।

মুল প্রসঙ্গ উত্থাপনের আগে টেবিলে রাখা ‘মাকাইবাড়ি’ সুগন্ধিত চায়ে শেষ চুমুক দিয়ে প্রণবদা তাকালেন কানাইয়ের দিকে। ফুট চারেক দূরে বসে থাকা কানাই জানে, সাহেব এখন সিগারেট খাবেন। হাতে ধরে থাকা লেদারের ব্যাগ খুলে ৫৫৫ সিগারেটের প্যাকেটটা এগিয়ে দেয় প্রণবদার দিকে। একেবারে নিয়ম মেনে প্রণবদা একটা সিগারেট তুলে মুখে দিয়ে সামনের দিকে মুখ করে থাকে। ছায়াসঙ্গী এবার বিদেশী লাইটার জ্বালিয়ে নেতার সিগারেট অগ্নি সংযোগ করে দেন। পুরো কাজটা সম্পন্ন হতে সময় লাগে মাত্র তিরিশ সেকেন্ড।

চোখ বুজে সিগারেটে মোলায়েম একটা টান দিয়ে চোখ খুলে অপেক্ষমান লোকাল এবং জোনের নেতাদের এক ঝলক দেখে বক্তব্য শুরু করলেন: হাবুল, তোমার হাতে রয়েছে তিনটি কলেজ। ওখানে দলের অবস্থান বলো। একটু চুপ করে হাবুলকে মাপতে লাগল প্রণবদা।

ক্রমশ…….