ওয়েবডেস্ক, ১৫ জুলাই,২০২০, কলকাতাঃ

আজ বুধবার প্রকাশিত হয়েছে ২০২০ সালের পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এরপরেই পড়ুয়াদের একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া। কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতি কবে, কী ভাবে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া যাবে তা নিয়ে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এদিন শিক্ষামন্ত্রী জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরই ভর্তির প্রক্রিয়া শুরু হবে। মন্ত্রী বলেন, রাজ্যে একাদশ শ্রেণির ভর্তি শুরু হবে ১ অগাস্ট থেকে। মোট দু’দফায় একাদশ শ্রেণীর ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রথম দফায় নিজের স্কুলেই যারা ভর্তি হতে চায় তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। ১ অগাস্ট থেকে ১০ অগাস্ট পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। এর পর যারা অন্য স্কুলে ভর্তি হতে চায় তাদের ভর্তি প্রক্রিয়া শুরু করবে স্কুলগুলি। ১১ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত চলবে এই প্রক্রিয়া।