দেবাঞ্জন দাস, শুভাবরি ওয়েবডেস্ক, ১১ অক্টোবর, কলকাতা: মোবাইল হারিয়ে গেছে কিংবা চুরি হয়ে গেছে এমন কথা আমরা হামেশাই শুনি। বর্তমান প্রযুক্তি এবং প্রশাসনের তৎপরতায় কিছু কিছু সময় আমরা এই মোবাইল ফেরতও পাই।
সেই মোবাইলে সুরক্ষাকে আরো বেশি করে জোরদার করতে বাজারে এসে গেল এক নতুন অ্যাপ্লিকেশন, যার পোশাকি নাম “অ্যান্টি থেফ্ট মোবাইল ট্র্যাকার”। গুগোল প্লে-স্টোরে “এ টি এম টি প্রো” নামে পাওয়া যাবে। বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে এই অ্যাপ্লিকেশন চললেও আজ কলকাতায় আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের জন্য এই অ্যাপ্লিকেশনটি চালু হলো। উদ্বোধন করলেন আরুষ গ্রুপ অব কোম্পানি প্রাইভেট লিমিটেডের কর্ণধার দীপঙ্কর ঘরামি। পশ্চিমবঙ্গে তাদের সঙ্গে হাত মেলালেন ‘পূজা উদ্যোগে’র প্রদীপ বসাক ।
প্রাথমিকভাবে গুগল প্লে স্টোর থেকে এটি বিনামূল্যে ডাউনলোড করা গেলেও রেজিস্ট্রেশন কিটের জন্য গ্রাহককে দিতে হবে ৪৫০ টাকা। এছাড়া অনলাইনেও রেজিস্ট্রেশন করা যাবে।
এই অ্যাপ্লিকেশনের বৈশিষ্ট্যগুলি হল:
~ তিনবার মোবাইলের পিন বা পাসওয়ার্ড ভুল দিলে সঙ্গে সঙ্গে মোবাইলের লোকেশন এবং সামনে যিনি থাকবেন তাঁর ছবির লিংক মোবাইলে সেভ করা দুটি এমার্জেন্সি নাম্বারে চলে যাবে
~ ফোনের কন্টাক্ট এবং মেসেজ পিডিএফ আকারে ব্যাকআপ নিয়ে রাখা যাবে।
~ ফোনের পাওয়ার বাটনটি যদি পাঁচবার টেপা হয় তাহলে ফোনের লোকেশন সেভ করা দুটি এমার্জেন্সি নাম্বারে চলে যাবে যা নারী সুরক্ষার একটা অন্যতম হাতিয়ার হতে পারে। এছাড়াও রয়েছে বহু বৈশিষ্ট্য।
আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণধার দীপঙ্কর ঘরামি, ডিস্ট্রিবিউটর প্রদীপ বসাক, অভিজিৎ বেলেকার। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাহিত্যিক পৃথ্বীরাজ সেন।