
শুভাবরি ওয়েবডেস্ক, ১২ডিসেম্বর, কলকাতা: ছোটবেলায় গ্রামের বাড়িতে বেড়ে ওঠা, প্রকৃতিকে খুব কাছ থেকে দেখা । বাড়ির উঠোনেই লোহার শিক দিয়ে আঁকিবুকি থেকে আকর্ষণ তৈরি হলো ছবি আঁকার ওপর ।
শিল্পী দিবাকর চক্রবর্তীর ২৯ তম এককী শিল্প প্রদর্শনী শুরু হলো আজ ১২ ই ডিসেম্বর থেকে কলকাতার আই সি সি আর এর যামিনী রায় আর্ট গ্যালারিতে। ৩৮ বছর বয়সী দিবাকরবাবুর অনুপ্রেরণা অবশ্যই তার বাবা শিল্পী জীবতোষ চক্রবর্তী ও মা কবি সুনন্দা চক্রবর্তীর কাছ থেকে । বিশ্বভারতী থেকে স্নাতকোত্তর পাশ করেন। শিল্পের প্রতি অগাধ আকর্ষণ তাকে চাকরি জীবন থেকে অব্যাহতি দিয়ে সম্পূর্ণ সময় অতিবাহিত করছেন ছবি আঁকার পেছনে। যে ৩৫ টি ছবি আজ প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে প্রতিটি ছবিতে রয়েছে প্রকৃতির ছাপ।
দিবাকর বাবু জানান,”পরিবেশ থেকে আমরা প্রতিনিয়ত আমাদের প্রয়োজনীয় সব জিনিস নিয়ে নিচ্ছি। কিন্তু কতটুকু আমরা প্রকৃতিকে ফিরিয়ে দিচ্ছি”? ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার আবেদন প্রত্যেক মানুষ যদি একটি করে গাছ লাগান, সে ক্ষেত্রে আমাদের পৃথিবী এবং তার পরিবেশ অনন্ত কাল ধরে আমাদের রক্ষা করে যাবে। পরিবেশ সচেতনতাকে আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি যে পরিবেশকে সামনে রেখে বর্তমানে ছবি আঁকছেন একথা স্পষ্ট তার কথায়। প্রদর্শনীটি চলবে ১৪ ই ডিসেম্বর পর্যন্ত ।

আজ এই প্রদর্শনীর উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী অরূপ রায় মহাশয়। প্রাথমিক ক্ষেত্রে প্রদর্শনী গৃহে প্রবেশ করার সাথে সাথেই মনে হতে পারে গাছপালা পরিবেষ্টিত একটি ছোট্ট সুন্দর পরিবেশে আপনি এসেছেন। দিবাকরবাবুর এই অক্লান্ত প্রচেষ্টা এবং সচেতনতা বৃদ্ধির প্রয়াসকে সাধুবাদ জানান দর্শকেরা। ১০০টি গ্রুপ আর্ট প্রদর্শনী এবং ৫০ টি আর গ্রুপে অংশ নিয়ে তিনি বিভিন্ন জায়গায় প্রদর্শনী করেছেন। তার ঝুলিতে রয়েছে বহু পুরস্কার। শিল্পী জানান, এই প্রদর্শনীর অন্যতম উদ্দেশ্য হলো ” সেভ আর্থ, সেভ ট্রি ” এই শ্লোগানকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া।
