ডিজিটাল; ২০ এপ্রিল:
পশ্চিমবঙ্গে পর্যটন, শিক্ষা, কয়লা, লৌহ আকরিক সহ অন্য ক্ষেত্রে অপরিহার্য সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কলকাতায় আজ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী ভাষণে একথা জানান তিনি। রাজ্যপাল বলেন, বাংলায় বিশেষ করে পর্যটন ক্ষেত্রে অভূতপূর্ব সুযোগ রয়েছে। এই ক্ষেত্রকে কাজে লাগানোর জন্য শিল্পপতিদের কাছে আহ্বান জানান তিনি। সুন্দরবন এবং উত্তরবঙ্গের অভয়ারণ্যের ক্ষেত্রে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, রাজ্যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, খনিজ, বন্দর ইত্যাদি ক্ষেত্রেও একাধিক সুযোগ-সুবিধা রয়েছে। রাজ্যে নতুন বিনিয়োগের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকারকে যৌথভাবে কাজ চালানোর আহ্বান জানান তিনি। ধনখড় বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর “পূবে তাকাও, কার্যকরী পূর্ব” নীতি দেশের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির জন্য বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রভূত সুযোগ-সুবিধার সম্ভাবনা উন্মুক্ত করেছে। পশ্চিমবঙ্গের ভৌগলিক অবস্থান, কাঁচামালের পর্যাপ্ত উপস্থিতি, দক্ষ মানব সম্পদের সুবিধা রয়েছে বলেও উল্লেখ করেন রাজ্যপাল।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে শুরু হয়েছে এই বার্ষিক বাণিজ্য সম্মেলন। এ বছর এই বাণিজ্য সম্মেলনের ষষ্ঠতম বর্ষ। ২০১৯ এবং ২০২০ সালে কোভিড-১৯ মহামারী ও লকডাউন পরিস্থিতির কারণে এই অনুষ্ঠান আয়োজন করা যায়নি। এদিন অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের একাধিক শিল্পপতি এবং ১৯টি দেশ থেকে মোট ২৫০ জন বাণিজ্যিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ছবি: টুইটার
তথ্য: পি আই বি
