শুভাবরি ওয়েব ডেস্ক, ২২ নভেম্বর, কলকাতা: আসন্ন লোকসভার শীতকালীন অধিবেশনে ব্যাংক বেসরকারিকরণ নিয়ে বিল আসতে চলেছে এমনটাই সম্ভাবনা দেখছেন ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলো। তাই “অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন” এর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে ব্যাংক বেসরকারীকরণ এর বিরুদ্ধে জনমত গঠন এবং গণ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ভারত যাত্রার আয়োজন করতে চলেছে তারা।ভারত যাত্রায় তাদের স্লোগান হবে “ব্যাংক বাঁচাও, দেশ বাঁচাও”।
আজ এক সাংবাদিক সম্মেলনে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন এর পক্ষ থেকে এ কথা জানান সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৌম্য দত্ত।
আগামী ২৪ শে নভেম্বর কলকাতার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেড অফিসের সামনে থেকে সকাল ১১টায় ভারত যাত্রার শুভারম্ভ । কলকাতা এবং অন্যান্য রাজ্য ঘুরে ৩০শে নভেম্বর দিল্লির যন্তর মন্তরে মিলিত হবেন তারা। ঐ দিন সকাল ১১ টায় যন্তর-মন্তর সামনে বিশাল জনসভার আয়োজন করতে চলেছেন তারা।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত সংগঠনের সর্বভারতীয় সহ-সভাপতি এবং রাজ্য সম্পাদক সঞ্জয় দাস বলেন,
গত এক বছর ধরে সমস্ত সরকারি ব্যাংক গুলো লাগাতার লাভ করে চলেছে এবং তার পাশাপাশি ‘জনধন যোজনা’ থেকে মুদ্রা লোন, ‘অটল পেনশন যোজনা’ থেকে ‘প্রধান মন্ত্রী স্বনিধি যোজনা’, ‘লক্ষী ভান্ডার’ থেকে ‘স্টুডেন্টস ক্রেডিট কার্ড’ দক্ষতার সঙ্গে করে চলেছেন। তার পরেও সরকারের সিদ্ধান্ত বদল হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তারা কর দাতাদের পয়সায় একের পর এক বৃহৎ কর্পোরেটদের তোষামোদ করে চলেছেন। সরকারি ব্যাংকের গ্রাহকরাও অসন্তুষ্ট। প্রতিটি গ্রাম সভাতে ভীড় উপচে পড়ছে। এটা আজ আর ব্যাংক কর্মচারীদের লড়াই নয়, দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষার লড়াই।
সৌম্য দত্ত এই ভারত যাত্রাকে স্বদেশী জাগরনের সঙ্গে তুলনা করেছেন। তিনি আরো বলেন, সাধারণ মানুষকে এই ব্যাংক বেসরকারিকরনের বিরুদ্ধে সচেতন করতে হবে। কেন্দ্রীয় সরকার দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানি বেসরকারিকরণের কথা আগেই ঘোষণা করেছে। যেখানে ব্যাঙ্কগুলি রীতিমতন ভাবেই মুনাফা অর্জন করছে সেখানে এই বেসরকারিকরণের সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত সেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন । বেসরকারীকরণ এর ফলে এসসি- এসটি রিজার্ভেশন আর কোনভাবেই ব্যাংকের চাকরির ক্ষেত্রে থাকবে না। সাধারণ মানুষের পুঁজিও সুরক্ষিত থাকবে না বলে মন্তব্য করেন সৌম্য দত্ত।
কম সুদে এখন মানুষ লোন নিয়ে বিভিন্ন কাজ করছেন। সেই লোন আর পাওয়া যাবে না যদি ব্যাংক বেসরকারিকরণ হয়। সাংবাদিক সম্মেলনে যেন সেই ছায়াই উঠে এসেছে বক্তাদের মুখে।
