পুজোর আগেই রাজ্যের ২বিধানসভা কেন্দ্রে নির্বাচন এবং ১টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং সামশেরগঞ্জ এই দুটি কেন্দ্রে রাজ্যের বিধানসভা ভোট চলাকালীন রাজনৈতিক দলের প্রার্থীদের মৃত্যু হওয়ার দরুন নির্বাচন স্থগিত হয়ে যায়। অন্যদিকে ভবানীপুর কেন্দ্রে শোভনদেব চট্টোপাধ্যায় বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর সেই আসন খালি হয়ে যায়।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী এই তিনটি কেন্দ্রের জন্য নোটিফিকেশন জারি হবে আগামী সোমবার ৬ সেপ্টেম্বর , মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর , মনোনয়নপত্র স্ক্রুটিনি হবে ১৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। ভোটগ্রহণ হবে ৩০ সেপ্টেম্বর এবং ভোট গণনা করা হবে ৩ অক্টোবর।

উল্লেখ্য , এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি পরাজিত হন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় নামে পরিচিত ভবানীপুর কেন্দ্র যেখানে তৃণমূলের তরফ থেকে দাঁড়িয়েছিলেন শোভন দেব চট্টোপাধ্যায়। সেখানে তিনি বিজেপি প্রার্থী রুদ্রনীল কে পরাজিত করেন। তারপর তিনি সেখান থেকে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। সূত্রের দাবি এবারের উপনির্বাচনে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তরফ থেকে প্রার্থী হতে চলেছেন।

কয়েকটি কেন্দ্রে উপনির্বাচন এবং দুটি কেন্দ্রে নির্বাচন করানো নিয়ে রাজ্যের শাসক দল বারবার নির্বাচন কমিশনকে চিঠি দেন এবং নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেন।

শেষ পর্যন্ত সমস্ত জল্পনার অবসান দিয়ে নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করে দিল।