পশ্চিমবঙ্গ সহ উপকূলবর্তী ৯টি রাজ্য এবং কেন্দ্রশাসিত পন্ডিচেরী লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড়ের আগাম সতর্কীকরণের উন্নত ব্যবস্থা চালু রয়েছে। এছাড়াও, কলকাতা সহ চেন্নাই, মুম্বাই, তিরুবনন্তপুরম, বিশাখাপত্তনম, আমেদাবাদ ও ভুবনেশ্বরে ৭টি সাইক্লোন সতর্কীকরণ কেন্দ্র কাজ করে চলেছে। নতুন দিল্লিতে ভারতীয় আবহাওয়া বিভাগে সদর দপ্তরে রয়েছে কেন্দ্রীয় স্তরের ঘূর্ণিঝড় সতর্কীকরণ ডিভিশন।
কলকাতায় ঘূর্ণিঝড়ের আগাম সতর্কীকরণের যে ব্যবস্থা রয়েছে, সেটি পশ্চিমবঙ্গ ও কেন্দ্রশাসিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সতর্কীকরণ বার্তা প্রচারে কাজ করে।
কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের বায়ুমন্ডলীয় ও জলবায়ু গবেষণা – আদর্শ পর্যবেক্ষণ ব্যবস্থা ও পরিষেবা, পরিভাষায় যা অ্যাক্রস কর্মসূচি নামে পরিচিত, তার আওতায় ভারতীয় আবহাওয়া বিভাগ একাধিক কর্মসূচি রূপায়ণ করছে। এই কর্মসূচির ৪টি উপ-প্রকল্পের মাধ্যমে পর্যবেক্ষণ কাঠামো সম্প্রসারণ, আরও উন্নত পূর্বাভাষ ব্যবস্থা তথা আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত পরিষেবার মান বাড়ানো হচ্ছে। লোকসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য দেন কেন্দ্রীয় ভূবিজ্ঞান প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং।
