ডিজিটাল; ১২ মে: ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের আর্থিক তছরূপের একটি মামলায় পশ্চিমবঙ্গের আলিপুরের সিবিআই আদালতের বিশেষ বিচারক সংশ্লিষ্ট ব্যাঙ্কের কলকাতার নিউ আলিপুর শাখার প্রাক্তন ম্যানেজার দেবতোষ চন্দকে পাঁচ বছরের কারাদন্ডের নির্দেশ দিয়েছেন এবং ৫৭ হাজার টাকা জরিমানা ধার্য করেছেন। ঐ একই মামলায় আদালত কলকাতার লোয়ার রেঞ্জের মেসার্স চ্যাটার্জী এক্সপোর্টের কর্ণধার ইন্দ্রজিৎ চ্যাটার্জীর পাঁচ বছরের জেল ও ৫১ হাজার টাকা জরিমানা ধার্য করেছে।
২০০১ সালের ৮ই নভেম্বর ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের নিউ আলিপুর শাখার তৎকালীন ম্যানেজারের বিরুদ্ধে, সিবিআই ষড়যন্ত্র ও আর্থিক তছরূপের অভিযোগে মামলা রুজু করে। ব্যাঙ্কের তদানিন্তন ম্যানেজার দেবতোষ চন্দের বিরুদ্ধে ইন্দ্রজিৎ চ্যাটার্জীর নামে একটি ভুয়ো ঋণ সংক্রান্ত অ্যাকাউন্টের মাধ্যমে কোনও নথি ছাড়াই ১২ লক্ষ টাকার ঋণ সুবিধা পাইয়ে দেবার অভিযোগ করা হয়। এর ফলে, ব্যাঙ্কের প্রায় ১২ লক্ষ টাকা ক্ষতি হয়। তদন্তের পর, ২০০২ সালের ২৭শে নভেম্বর আলিপুরে সিবিআই – এর বিশেষ আদালতে তদন্তকারী সংস্থা চার্জশিট দাখিল করে। বিচার প্রক্রিয়ায় আদালত প্রাক্তন ঐ ব্যাঙ্ক ম্যানেজার ও মেসার্স চ্যাটার্জী এক্সপোর্টের কর্ণধারকে দোষী সাব্যস্ত করে।
তথ্য: পি আই বি
