৮ফেব্রুয়ারি,কলকাতা: রাজ্যের ৮৯৮২টি ক্লাবকে ৮২ কোটি ৮৯ লাখ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করে মুখ্যমন্ত্রী আজ একথা ঘোষণা করেন।

এই মঞ্চ থেকে আজ ১৬জন ক্রীড়াবিদকে ‘খেল সম্মান’, ২৬ জনকে ‘বাংলার গৌরব’, ৭জনকে ‘বাংলার গুরু’ এবং একজন ক্রীড়াবিদকে ‘জীবনকৃতি সম্মান’ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী বলেন, এদের সম্মান জানাতে পেরে আমরা খুব খুশী। তিনি আরো বলেন, ৯৪৭টি স্পোর্টস কোচিং সেন্টারকে এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ছাড়াও রাজ্যস্তরে ৩৪ টি স্পোর্টস এসোসিয়েশনকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে।
আজ প্রায় ৭২ হাজার কোটি টাকার প্রকল্পও উদ্বোধন করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, এর মাধ্যমে ৩ লক্ষ ২৯ হাজার কর্মসংস্থান হবে। এছাড়া আগামী পাঁচ বছরে দেড় কোটি কর্মসংস্থান হবে বাংলায়। তিনি দাবি করেন, যেখানে ভারতে ৪০ শতাংশ বেকারত্ব বেড়েছে, সেখানে বাংলায় ৪০ শতাংশ দারিদ্রতা কমেছে।
উল্লেখ্য, বিভিন্ন সময়ে ক্লাবগুলোকে সাহায্য করা নিয়ে বিরোধীরা বারবার সরব হয়েছেন। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আজ বলেন, ক্লাবগুলোকে কেন সাহায্য করা হবে তা নিয়ে অনেক বাবুদের অনেক রাগ আছে । ক্লাবগুলো আপদে-বিপদে মানুষের পাশে থাকে।

রাজ্যে ভোটের দামামা বাজার আগেই ক্লাবগুলোকে অর্থসাহায্য সরকারের রাজনৈতিক গতিকে ত্বরান্বিত করবে বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক মহল।