কলকাতা, ১৬ ডিসেম্বর :
৫০তম বিজয় দিবসে ফোর্ট উইলিয়ামের বিজয় স্মারকে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেঃজেঃ মনোজ পান্ডে ১৯৭১-এর যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। স্বর্ণিম বিজয় দিবস উপলক্ষে বিজয় স্মারকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা যুদ্ধে যেসব সৈনিক প্রাণ বিসর্জন দিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দু’মিনিট নীরবতা পালন করেন।

১৯৭১-এর আজকের দিনে ভারতীয় ও বাংলাদেশী বাহিনীর জয়েন্ট কমান্ডের কাছে পাকিস্তানের ৯২ হাজার ২০৮ জন সৈনিক আত্মসমর্পণ করে। এই ঐতিহাসিক সামরিক বিজয়ের মধ্য দিয়ে নতুন রাষ্ট্র বাংলাদেশের জন্ম হয়। প্রতি বছর ভারতীয় সশস্ত্র বাহিনী, বিশেষত, পূর্বাঞ্চলীয় কমান্ড ফোর্ট উইলিয়ামে দিনটিকে বিজয় দিবস হিসাবে উদযাপন করে। মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তনীরা গত ১৩ বছর ধরে এই দিনটিতে ফোর্ট উইলিয়ামে এসে বিজয় দিবস উদযাপন করেন।