দেশ জুড়ে ব্রডব্যান্ড সংযোগের কাজ দ্রুত করার জন্য প্রয়োজনীয় অনুমতি পেতে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের টেলিযোগাযোগ দপ্তর বিভিন্ন রাজ্যের তথ্য প্রযুক্তি সচিব ও দপ্তরের মুখ্য কার্যালয়গুলির আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে। টেলিযোগাযোগ দপ্তরের সচিব শ্রী রাজারমন বৈঠকে পৌরোহিত্য করেন। দপ্তরের অতিরিক্ত সচিব শ্রী হরি রঞ্জন রাও, টেলিকম দপ্তরের মহানির্দেশক নিজামুল হক সহ পদস্থ আধিকারিকরা বৈঠকে যোগ দেন।

বৈঠকে রাজারমন বলেন, ব্রডব্যান্ডের লাইন বসানোর জন্য কোনও অনুমতি পেতে বিলম্ব হওয়া উচিৎ নয়। প্রয়োজনীয় অনুমতি পেতে দেরী হলে টেলিযোগাযোগ পরিষেবা উন্নয়ন ব্যহত হয়। ব্রডব্যান্ড সংযোগ কম থাকলে অদূর ভবিষ্যতে ফাইভ-জি প্রযুক্তির ব্যবহার করতে বিলম্ব হবে।

রাজারমন সমস্ত টেলিযোগাযোগ ইউনিটকে প্রতি মাসে সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে বৈঠকের নির্দেশ দেন রাজ্য সরকার ও পুর কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন আবেদনের দ্রুত নিষ্পত্তি করতে হবে। আরওডব্লিউ সংক্রান্ত আবেদনগুলি বিভিন্ন রাজ্য যাতে দ্রুত মঞ্জুর করে, সে বিষয়ে স্টেট ব্রডব্যান্ড কমিটিগুলিকে অনুরোধ করা হয়।

টেলিযোগাযোগ দপ্তর সহজে ব্যবসা করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ন্যাশনাল ডিজিটাল কম্যুনিকেশন পলিসির মতো নতুন নতুন নীতি ব্রডব্যান্ড পরিষেবাকে ছড়িয়ে দিতে সাহায্য করবে। ‘ব্রডব্যান্ড ফর অল’ – সকলের জন্য ব্রডব্যান্ডের সুযোগ নিশ্চিত করতে ন্যাশনাল ব্রডব্যান্ড মিশনকে কার্যকর করতে হবে। এর মাধ্যমে এনডিসিপি ২০১৮, ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি ও আত্মনির্ভর ভারত অভিযান বাস্তবায়িত হবে। দেশ জুড়ে ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য টেলিযোগাযোগ সংস্থাগুলিকে অপ্টিকাল ফাইবার কেবল এবং মোবাইল টাওয়ার বসাতে হবে। তবে, রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসন এই কাজে সহায়তা করলেই এগুলি দ্রুত বাস্তবায়িত হবে। টেলিযোগাযোগ দপ্তর সিওএআই, ডিআইপিএ – এর সঙ্গে বিভিন্ন প্রকল্পের দ্রুত অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে নির্দিষ্ট সময় অন্তর পর্যালোচনা বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে। দপ্তর রাজ্য সরকারগুলির কাছে বিভিন্ন অনুমতি দ্রুত মঞ্জুর করার অনুরোধ জানিয়েছে।