
ওয়েবডেস্ক, ৩০ জুন, ২০২০, কলকাতাঃ
আজ নবান্ন থেকে বাস মালিক সংগঠনের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির সহ বিভিন্ন কারণে বাস মালিক সংগঠন রাস্তায় বাস কম নামাচ্ছেন তাতে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। আগামীকাল ১ জুলাই থেকে বেসরকারি বাস যদি স্বাভাবিক পরিমাণে রাস্তায় না নামে তাহলে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে হুশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন,” বাস মালিক সংগঠন যে কথা দিয়েছিলেন সেই কথা যদি তারা না রাখেন তাহলে সরকার বাস গুলিকে নিজের আয়ত্তে নেবেন এবং সরকার নিজেই নিজেদের ড্রাইভার এবং কন্ডাক্টর দিয়ে সেই বাস চালাবে। নির্দিষ্ট বাসের ড্রাইভার এবং কন্ডাকটর যদি কাজ করতে চান সেক্ষেত্রে সরকার তাদের মাইনে দেবে । তিনি বলেন, যখন পেট্রোল ডিজেলের দাম বাড়ে তখন কিছু কিছু ক্ষেত্রে বাসের ভাড়া বাড়ানো হয়। কিন্তু যখন পেট্রোল-ডিজেলের দাম কমে যায় তখন বাসের ভাড়া একই থাকে, কমে না। এর ফলে সাধারণ মানুষের কিছুটা অসুবিধা হয়।” মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরে আগামীকাল রাস্তায় বেসরকারি বাস কি পরিমাণে থাকে সেটাই দেখার।
সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী কিছু ঘোষণা করেন:
প্রাতভ্রমণকারীদের কিছুটা হলেও স্বস্তি দিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন, ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত সকলে প্রাতঃভ্রমণ করতে পারবেন। কিন্তু তা অবশ্যই সামাজিক দূরত্ব মেনে।
বিয়ে বাড়িতে বর্তমানে ৫০ জন লোক অংশ নিতে পারবে।
সুন্দরবন নিয়ে মাষ্টার প্ল্যান তৈরি করা হচ্ছে যাতে সুন্দরবনকে নতুন করে অভিনব পদ্ধতিতে করে তোলা যায়।
২০২১ এর জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী।
