ওয়েবডেস্ক, ৩০জুন২০২০ , কলকাতাঃ আজ ৩০ শে জুন দেশে অনলক১ এর শেষ দিন। আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেন, “আনলক – ১ এর পর্যায়ে ব্যক্তিগত ও সামাজিক আচরণে অবহেলা বেশ নজরে আসছে। আগে আমরা মাস্ক পরে দু’গজ শারীরিক দূরত্ব বজায় রেখে দিনে অনেকবার ২০ সেকেন্ড ধরে হাত ধোওয়া সহ বিভিন্ন বিষয়ে সতর্ক ছিলাম। কিন্তু আজ যখন আমাদের আরও বেশি সাবধান হওয়া প্রয়োজন, তখন এই ধরনের আচরণ চিন্তার কারণ হয়ে উঠছে। লকডাউনের সময় বিভিন্ন নিয়ম অত্যন্ত দৃঢ়ভাবে পালন করা হয়েছিল। এখন আবারও সরকার, স্থানীয় প্রশাসন ও দেশের প্রতিটি নাগরিকের সেই রকম সাবধানতা দেখানোর প্রয়োজন রয়েছে। আমাদের কন্টেনমেন্ট এলাকাগুলিতে বিশেষ নজর রাখতে হবে। যাঁরা এই নিয়মগুলি পালন করছেন না – তাঁদেরকে আমাদের কড়া হুশিয়ারী দিতে হবে, থামাতে হবে এবং বোঝাতেও হবে। ”

তিনি বলেন, ” বিগত তিন মাসে ২০ কোটি দরিদ্র পরিবারের জন ধন অ্যাকাউন্টে সরাসরি ৩১ হাজার কোটি টাকা পাঠানো হয়েছে। এই সময়ে ৯ কোটিরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৮ হাজার কোটি টাকা জমা করা হয়েছে। এর পাশাপাশি, গ্রামের শ্রমিকদের কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রী গরীব কল্যাণ রোজগার প্রকল্প দ্রুত শুরু করা হয়েছে। এই খাতে কেন্দ্রীয় সরকার ৫০ হাজার কোটি টাকা ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে।”

তিনি ঘোষণা করেন, ৮০ কোটি মানুষ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে খাদ্যশস্য পাবেন। সরকার এই পাঁচ মাসে ৮০ কোটিরও বেশি দরিদ্র মানুষকে প্রতি মাসে ৫ কেজি গম কিংবা চাল বিনামূল্যে বিতরণ করবে। এছাড়াও, প্রতিটি পরিবারকে মাসে ১ কিলো ছোলাও বিনামূল্যে দেওয়া হবে।