কলকাতা, ৩০ জানুয়ারি : ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় কবি ইন্দ্রাণী দত্তের কাব্যগ্রন্থ ‘পুনর্জন্ম’ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল। এই কাব্যগ্রন্থটিতে তাঁর আত্মবিশ্লেষণ এবং সমকালীন ভাবনার প্রতিফলন ঘটেছে। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক, পত্রভারতীর কর্ণধার, কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় এবং সাহিত্যিক সৈকত মুখোপাধ্যায়। কবি ইন্দ্রাণী দত্ত কবিতার মাধ্যমে সামাজিক সচেতনতা এবং তাঁর হৃদয়ের বার্তা তুলে ধরেছেন।
‘পুনর্জন্ম’, কথাটির আক্ষরিক অর্থ নতুন জন্ম অর্থাৎ নব জীবন। যা সংগ্রাম, অন্তর্নিহিত শক্তি এবং আশার আলো—এই বিষয়গুলিকে কেন্দ্র করে পাঠকের সঙ্গে গভীর সংযোগ স্থাপন করে। সহজ ও সংবেদনশীল ভাষায় রচিত কবিতাগুলিতে যন্ত্রণা, প্রতিবাদ, দৃঢ় মানসিকতার সঙ্গে কোথাও মিশে যায় মোহময়ী প্রকৃতির রূপ, হারিয়ে যাওয়া প্রেম এবং ফুরিয়ে যাওয়া জীবনের গল্প। যা শেষ পর্যন্ত অন্ধকারের পর আলোর পথ নির্দেশ করে।
উক্ত অনুষ্ঠানে কবি ইন্দ্রাণী দত্ত বলেন, “পুনর্জন্ম নামক আমার এই কাব্যগ্রন্থটিতে বুনতে চেয়েছি কল্পনার আঁকিবুঁকি। ইভ এবং আদমের মতই চিরন্তন নারী ও পুরুষের আবেগের সাতকাহন এর ছবি আঁকতে চেয়েছি প্রতিটি পাতায়। পাঠকগণের মনের কোণে আমার এই কাব্যগ্রন্থ স্থান পেলে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হবে” ।
