ডিজিটাল; কলকাতা, ২১ জুন:
পশ্চিমবঙ্গে যথাযথভাবে অষ্টম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হচ্ছে। স্বাধীনতার ৭৫তম বছর উদযাপনের অঙ্গ হিসাবে সরকার এবার দেশব্যাপী ৭৫টি ঐতিহাসিক স্থানে আন্তর্জাতিক যোগ দিবস পালনের আয়োজন করে। পশ্চিমবঙ্গে কলকাতার বেলুড় মঠে ১ হাজার ৪০০-রও বেশি মানুষের উপস্থিতিতে শিক্ষা মন্ত্রক ২০২২ সালের ২১ জুন অষ্টম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশাল কর্মসূচির আয়োজন করে। এছাড়াও, হুগলি নদীতে নৌকার মধ্যেও যোগাভ্যাস করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন ও নেতৃত্ব দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।

বেলুড় মঠের অনুষ্ঠানটি আয়োজন করে ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের উচ্চ শিক্ষা দপ্তর। সঙ্গে ছিল ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আইআইইএসটি শিবপুর, বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন এবং ভারত সরকারের পর্যটন মন্ত্রক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। রামকৃষ্ণ মিশন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর স্বামী আত্মপ্রিয়ানন্দ, রামকৃষ্ণ মিশন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্বামী সর্বোত্তমানন্দ, আইআইটিএসটি শিবপুরের নির্দেশক অধ্যাপক পি চক্রবর্তী, রামকৃষ্ণ মিশনের সহকারী মহাসচিব স্বামী বোধসরানন্দজী, হাওড়ার চিফ মেডিকেল অফিসার ডাঃ নিতাই চন্দ্র মন্ডল, হাওড়া বামুনগাছি কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রিন্সিপাল রূপিন্দর সিং, পর্যটন মন্ত্রক কলকাতা শাখার অতিরিক্ত মহানির্দেশক ও আঞ্চলিক নির্দেশক ডঃ সাগ্নিক চৌধুরী। ন্যাশনাল ইন্সটিটিউট অফ হোমিওপ্যাথি, শল্য চিকিৎসা বিভাগের প্রধান ডঃ রামকৃষ্ণ ঘোষ এবং শিক্ষা মন্ত্রকের উচ্চ শিক্ষা দপ্তরের অবর সচিব লক্ষ্মী চন্দ্র।

বেলুড় মঠের অনুষ্ঠানে বিভিন্ন সংস্থার প্রায় ১ হাজার মানুষ যোগাভ্যাসে অংশ নেন। এর মধ্যে কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থান, বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন, আইআইইএসটি শিবপুর, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং বিভিন্ন মন্ত্রকের প্রতিনিধিরা ও বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

পশ্চিমবঙ্গের হুগলিতে পবিত্র গঙ্গার জলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গঙ্গাবক্ষে স্টীমারে প্রায় ৩০০-রও বেশি মানুষ যোগ ব্যায়াম করেন। অষ্টম আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা ‘মানবতার জন্য যোগ’-এর সঙ্গে সাযুজ্য রেখেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।

অন্য এক অনুষ্ঠানে দার্জিলিং – এর বাতাসিয়া লুপে উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ের আয়োজনে যোগ দিবসের অনুষ্ঠানে নেতৃত্ব দেন রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী শ্রীমতী দর্শনা জারদোশ। রেল আধিকারিক, স্কুল পড়ুয়া, সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ ও হিমালয়ান মাউন্টিয়ারিং ইন্সটিটিউটের প্রায় ২৫০ জন যোগাভ্যাসে অংশ নেন।