ডিজিটাল, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস আজ ২১ জুন মেট্রো রেলে পালিত হয়েছে। এবারের আন্তর্জাতিক যোগ দিবসের থিম “মানবতার জন্য যোগ”। জেনারেল ম্যানেজার অরুণ অরোরা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ সকালে বেলভেডেরে পার্ক রেলওয়ে অফিসার্স ক্লাবে একটি যোগ সেশনে অংশ নিয়েছিলেন যেখানে নরেন্দ্র মোদী, এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভার্চুয়ালি ভাবে উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য আজ সকালে পূর্ব-পশ্চিম মেট্রোর সেন্ট্রাল পার্ক ডিপোতে একটি যোগ সেশন পরিচালিত হয়েছিল। রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং মেট্রো রেলওয়ের কর্মকর্তা ও কর্মীরা এই সেশনে যোগ অনুশীলন করেন। এই অধিবেশনের পরে, ঐক্য ও সংহতির বার্তা ছড়িয়ে দিতে একটি ‘রান ফর ইউনিটি’ আয়োজন করা হয়।

নোয়াপাড়া কার ডিপো কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরাও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেন। স্বাস্থ্যকর জীবন বজায় রাখার জন্য নোয়াপাড়া কারশেডের প্রশাসনিক ভবনে আয়োজিত আরেকটি যোগ সেশনে অংশ নিয়েছিলেন তারা।

এই দিনব্যাপী উদযাপনের অংশ হিসাবে, এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে একটি বিশেষ যোগ সেশনেরও আয়োজন করা হয়েছিল। ইতিবাচক থাকতে এবং মানসিক শান্তি বজায় রাখতে এই অধিবেশনে বিপুল সংখ্যক মেট্রো অফিসার এবং স্টেশন কর্মীরা উপস্থিত ছিলেন।