
শুভাবরি ওয়েবডেস্ক,৪ নভেম্বর,কলকাতা: বর্তমান সময়ে ভারতবর্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মাতৃ ও শিশু স্বাস্থ্য তার সাথে পুষ্টি এবং বিভিন্ন ধরনের রোগ। চিকিৎসা এবং এই সমস্ত বিষয়ের উপর সম্যক জ্ঞান থাকা বর্তমান যুগে খুবই জরুরী। তাই আই আই এইচ এম আর বিশ্ববিদ্যালয় ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে ৫ এর জন্য তথ্য সংগ্রহ করছে। গত এপ্রিল থেকে এই কাজ শুরু হয়ে আনুমানিক আগামী ৭ নভেম্বর ২০১৯ এই কাজ সম্পন্ন হবে। এই সার্ভের সম্পর্কে আজ এক সাংবাদিক সম্মেলন করে আই আই এইচ এম আর বিশ্ববিদ্যালয়। উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডাক্তার পঙ্কজ গুপ্তা , ডাক্তার মানসী মিশ্র, ডাক্তার অরিন্দম দাস , ডাক্তার ধিরেন্দ্র কুমার।
ডাক্তার গুপ্তা জানান, “পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই প্রাথমিকভাবে ৮৪০ প্রাইমারি স্যাম্পলিং ইউনিটে কাজ করা হচ্ছে এবং ১৬৮০০ বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের কাজ করা হচ্ছে।” তিনি আরো জানান শিশুস্বাস্থ্য জন্ম মৃত্যুর হার, এইচ আই ভি এডস এর মতন সংক্রমিত রোগ, প্রজনন স্বাস্থ্য, শৌচালয় ও পুষ্টি সহ বিভিন্ন বিষয়ে তারা তথ্য সংগ্রহ করছেন। পানীয় জলের সমস্যা, জলে লবণের গুণমান, রন্ধন বিষয়ক বিভিন্ন জিনিস সহ শিশুদের ওজন, উচ্চতা সম্পর্কেও বিভিন্ন তথ্য সংগ্রহ হচ্ছে এই সার্ভের মাধ্যমে।
উপস্থিত রিসার্চ অফিসার সুরজিৎ চক্রবর্তী জানান, প্রাথমিকভাবে তারা প্রত্যেকটি জেলার জেলা শাসকের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর বিভিন্ন জেলার প্রশাসনিক দপ্তর পঞ্চায়েত এ গিয়ে সেখান থেকে তাদের সার্ভের কাজ শুরু করেছেন। তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন রাজ্য তথা কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তর কে। তাদের মূল উদ্দেশ্য সম্পর্কে তিনি জানান পশ্চিমবঙ্গে শিশু ও মায়ের স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন জ্ঞান এই তথ্যের মাধ্যমে আগামী দিনে খুব কার্যকরী হয়ে উঠবে।
