ওয়েবডেস্ক, 27 জুলাই,২০২০, কলকাতাঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নতমানের কোভিড-১৯ নমুনা পরীক্ষার তিনটি ব্যবস্থাপনার সূচনা করেছেন। ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদের কলকাতা, মুম্বাই এবং নয়ডায় এই ব্যবস্থাপনাগুলি চালু হয়েছে। 

প্রধানমন্ত্রী জানিয়েছেন, উন্নতমানের এই ব্যবস্থাপনার ফলে এই তিন শহরের প্রত্যেকটিতে, দৈনিক প্রায় ১০ লক্ষ নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। যত বেশি নমুনা পরীক্ষা করা হবে, তত বেশি  সংক্রমিতদের শনাক্ত করে চিকিৎসা শুরু করা সম্ভব। এর ফলে এই ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে। শ্রী মোদী জানিয়েছেন, এই পরীক্ষাগারগুলির সাহায্যে শুধুমাত্র কোভিডের নমুনার পরীক্ষা করার পাশাপাশি, ভবিষ্যতে হেপাটাটিস ‘বি’ ও ‘সি’, এইচআইভি, ডেঙ্গু সহ বেশ কিছু অসুখের নমুনা পরীক্ষা করা যাবে।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, করোনার জন্য নির্ধারিত স্বাস্থ্য পরিকাঠামো দ্রুত হারে গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি জানিয়েছেন, কেন্দ্র এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের শুরুতে ১৫ হাজার কোটি টাকার একটি প্যাকেজ ঘোষণা করেছিল। দেশে বর্তমানে ১১ হাজারেরও বেশি জায়গায় কোভিড সংক্রমিতদের চিকিৎসা সম্ভব এবং ১১ লক্ষের ওপর আইসোলেশন বেডের ব্যবস্থা করা হয়েছে।

জানুয়ারি মাসে সারা দেশে যেখানে মাত্র একটি কোভিড নমুনা কেন্দ্র ছিল, বর্তমানে তা বৃদ্ধি পেয়ে ১,৩০০ পরীক্ষাগারে পৌঁছেছে। তিনি জানিয়েছেন, বর্তমানে দৈনিক ৫ লক্ষ নমুনার পরীক্ষা করা হচ্ছে, আগামী সপ্তাহগুলিতে এই পরিমাণ বাড়িয়ে ১০ লক্ষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

PIB