ওয়েব ডেস্ক; ১৮ মার্চ : দেশে লোকসভা সাধারণ নির্বাচন ২০২৪ এর দামামা ইতিমধ্যেই বেজে গেছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন কলকাতায় সাংবাদিক সম্মেলন করার সময় স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছিল এবারের লোকসভা নির্বাচনে কোনভাবেই হিংসার কোন জায়গা নেই। এবং সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে প্রত্যেকটি জেলা নির্বাচনী আধিকারিক নিজেদের প্রস্তুতি শুরু করে দিল। সোমবার দক্ষিণ ২৪পরগনা জেলা নির্বাচনী আধিকারিক সুমিত গুপ্ত এক সাংবাদিক সম্মেলন করেন। জয়নগর , মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর এবং কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রগুলি রয়েছে এই দক্ষিণ ২৪ পরগনা জেলা নির্বাচনী আধিকারিকের আয়ত্বে।
সপ্তম দফায় ১ জুন নির্বাচন হবে এই জেলায়। এই জেলায় ৭ মে নোটিফিকেশন ইস্যু করা হবে এবং নমিনেশন দেওয়ার শেষ তারিখ ১৪ই মে। নমিনেশন স্ক্রুটিনি হবে ১৫ই মে। নমিনেশন প্রত্যাহারের শেষ তারিখ ১৭ই মে। ১লা জুন এখানে ভোট গ্রহণ। জেলা নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এখানে মোট ভোটারের সংখ্যা ৮৫,০১,৭৪৫ । তার মধ্যে পুরুষ ভোটার ৪২,৯২,৯৩১ এবং মহিলা ভোটার ৪২,০৮,৪৭২, তৃতীয় লিঙ্গের ভোটার আছে ৩৪২।
পোলিং স্টেশন লোকেশন ৫১৩৯। মোট পোলিং স্টেশন ৮৮৪১ এবং মহিলা বুথের সংখ্যা হতে চলেছে ১৬৭৩ টি।
নির্বাচনী আধিকারিক সুমিত গুপ্ত জানান ইতিমধ্যেই জেলায় কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। এখনো পর্যন্ত প্রায় ৫০০টি সেনসিটিভ বুথ কে চিহ্নিত করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা নির্বাচনী দপ্তর। এই বুথগুলিকে বিশেষভাবে নজরদারির মধ্যে রাখা হচ্ছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার জেলা নির্বাচনী আধিকারিক এবং নির্বাচনের সঙ্গে যুক্ত অন্যান্য আধিকারিকরা সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন।
ন্যূনতম ৫০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং হবে। এছাড়াও সিসিটিভি নজরদারি চলবে বুথে। ইন্টারনেট শ্যাডো জোন গরুমারা এবং সাগর নিয়ে মোট চারটি থাকলেও ভয়েস শ্যাডো জোনের সংখ্যা শুন্য। পিডব্লিউডি বুথ প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে একটি করে করার পরিকল্পনা রয়েছে বলেও জানান সুমিত গুপ্ত।
এনবিডাব্লু সম্পর্কে নির্বাচনী আধিকারিক জানান নির্বাচন কমিশন যেভাবে নির্দেশ দিচ্ছে আমরা সেভাবেই কাজ করছি।