শুভাবরি ওয়েব ডেস্ক, ২৪ নভেম্বর, কলকাতা, দীপাঞ্জন দত্ত :
সম্মিলিত কিষাণ মোর্চা, পশ্চিমবঙ্গ শাখা আজ কলকাতা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনে আগামী ২৬ নভেম্বর “রাজভবন চলো” কর্মসূচি ঘোষণা করে। সেখানে তারা কৃষকদের দাবির একটি স্মারকলিপি রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতি মহোদয়ার কাছে পেশ করবেন।
সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়, আনুমানিক ২৫-৩০ হাজার কৃষক গণসংগঠন, যুব সংগঠন, মহিলা সংগঠন এবং ছাত্র সংগঠনের মিছিল দুপুর ২টা থেকে রানি রাসমনি রোড থেকে একটি বিশাল সমাবেশে মিলিত হবে।
নেতারা আরও ঘোষণা করেছেন, ১ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত প্রতিনিধি দলগুলি সমস্ত রাজনৈতিক দলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদের অফিস এবং রাজ্য বিধানসভাগুলির নেতা এবং বিধায়কদের অফিসে যাবে৷ তাদের সকলের কাছে একটি কল-টু-অ্যাকশন চিঠি জমা দেওয়া হবে। দাবি করা হবে, তারা যেন সংসদ এবং রাজ্য বিধানসভায় কৃষকদের দাবি উত্থাপন করে এবং এই সমস্যাগুলি সমাধান করতে সরকারকে বাধ্য করে।
আজ এস কে এম, পশ্চিমবঙ্গের নেতারা জানিয়েছেন,
এম এস পি আইন,
বিদ্যুৎ বিল-২০২০ প্রত্যাহার,
পরিবারগুলিকে ক্ষতিপূরণ, ভারতের কৃষকদের কয়েকটি দাবি পূরণের বিষয়ে মোদি সরকার এস কে এমকে লিখিত আশ্বাস দেওয়ার ১১ মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে ইত্যাদি।
স্মারকলিপিতে অবিলম্বে বকেয়া দাবিগুলির সমাধানের দাবি করা হবে। পাশাপাশি, রাজ্য স্তরের বিষয়ে রাজ্যপালের কাছে একটি পৃথক স্মারকলিপি পেশ করা হবে বলে দাবি করা হয়।
আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষক নেতা অভিক সাহা, অমল হালদার, কার্তিক পাল, সমীর পুততুন্ডা প্রমুখ।
