এবার থেকে টেট পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের সার্টিফিকেটের মেয়াদ থাকবে সারা জীবন। এতদিন পর্যন্ত টেট পরীক্ষায় উত্তীর্ণদের সার্টিফিকেটের মেয়াদ থাকতো সাত বছর। এই মর্মে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে। এবিষয়ে টুইট করেছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ড. রমেশ পখরিয়াল ।
এতদিন পর্যন্ত টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট পরীক্ষায় পাস করলে সেই সার্টিফিকেটের মেয়াদ থাকতো সাত বছর। এই সাত বছরের মধ্যে যদি কেউ চাকরি না পায় তাহলে তাকে আবার নতুন করে এই পরীক্ষা দিতে হতো। এখন থেকে এই ব্যবস্থা কার্যকর হলে চাকরি পাওয়ার বয়স পর্যন্ত নিয়োগ পরীক্ষায় তারা বসতে পারবেন। ২০১১ সাল থেকে এই ব্যবস্থা কার্যকর হবে।
এই সিদ্ধান্তের ফলে বিপুল পরিমাণে ছাত্র-ছাত্রী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। নোটিফিকেশনে দেশের সমস্ত রাজ্যকে এ বিষয়ে সমস্ত জরুরি কাজ করতে বলা হয়েছে।

