অবশেষে ভেঙে ফেলা হবে পোস্তার অবশিষ্ট উড়ালপুল। চলতি মাসের মাঝামাঝি সময়ে এই সেতু দফায় দফায় ভেঙে সরিয়ে ফেলা হবে। কলকাতা পুরসভা এই নিয়ে শীর্ষ আধিকারিকদের সাথে বৈঠক করেন পরিবহন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কে এম ডি এ এবং পোস্তার ব্যবসায়ী ও পুলিশ আধিকারিক ।
ফিরহাদ হাকিম বলেন, মোট চারটি পর্যায়ে এই উড়ালপুল ভেঙে সরিয়ে ফেলা হবে। প্রথম পর্যায়ের ক্ষেত্রে এটি ৪৫ দিন সময় লাগবে। সেই সময় যান চলাচল নিয়ন্ত্রণ এবং কিছু রুট পরিবর্তন করা হবে। সেখানকার ব্যবসায়ীরা আশ্বস্ত করেছেন যে এই ব্যাপারে তারাও সহযোগিতা করবেন।
উল্লেখ্য ২০১৬ সালের ৩১ শে মার্চ এই নির্মীয়মান উড়ালপুল ভেঙে ২৭ জন মৃত্যু হয়েছিল এবং ৮০ জনের বেশী মানুষ জখম হয়েছিলেন। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে খড়গপুর আইটি ৩ বিশেষজ্ঞ এবং তৎকালীন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। তারপর ৩০২ ধারায় নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেখানকার ব্যবসায়ীরা ঝুলন্ত এই উড়ালপুলের অবশিষ্ট অংশ দ্রুত যাতে ভেঙে ফেলা হয় তা নিয়ে আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই নিয়ে আজ বৈঠকে বসেন ফিরহাদ হাকিম।
