অন্ডাল বিমানবন্দরে যাতে আন্তর্জাতিক বিমান ওঠানামা করতে পারে তার জন্য তার পরিকাঠামো কে ঢেলে সাজানো হবে। আগামী দুই বছরের মধ্যে এই কাজ সম্পন্ন হবে বলে বুধবার পানাগড়ে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেন এই প্রকল্পের জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। আগামী দুই বছরের মধ্যে আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য এই অন্ডাল বিমানবন্দর অর্থাৎ কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট কে প্রস্তুত করা হবে। রাজ্যে ইতিমধ্যেই ৩০টি হেলিপ্যাড তৈরি করা হয়ে গিয়েছে, একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য অন্ডাল বিমানবন্দর চালু হওয়ার পর সেখানে সেভাবে আয় হচ্ছিল না বলে প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তারপর মুখ্যমন্ত্রী ঘোষণার ফলে এই বিমানবন্দর আবার নতুন রূপে সেজে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।
কোচবিহার বিমানবন্দরের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। শুধুমাত্র বিমান চলাচল করা বাকি রয়েছে। বালুরঘাট ও মালদা বিমানবন্দর তৈরি করার কাজ প্রায় ৯৯% হয়ে গিয়েছে এই অনুষ্ঠান থেকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে আন্তর্জাতিক উড়ান চলাচলের ফলে সেখানে কর্মসংস্থান সহ সেই অঞ্চলের মান বাড়বে বলে মনে করছেন সেখানকার নাগরিকগণ।