মেট্রো রেল চত্ত্বরে ‘নো মাস্ক নো মেট্রো’ সচেতনতা কর্মসূচি পালন করা হচ্ছে। বিভিন্ন স্টেশনে কর্তব্যরত কর্মী এবং আরপিএফ জওয়ানরা কোভিড সংক্রমণ আটকাতে এ সংক্রান্ত আচরণবিধি যথাযথভাবে মেনে চলার জন্য যাত্রীদের কাছে আবেদন করছেন। এই কর্মসূচির অঙ্গ হিসেবে সম্প্রতি কালীঘাট পোস্টের আরপিএফ কর্মীরা, সকলে যাতে ঠিকভাবে মাস্ক পড়েন সেটি নিশ্চিত করতে একটি সচেতনতামূলক প্রচারাভিযানের আয়োজন করেন। দিনের ব্যস্ততম সময়ে রবীন্দ্র সরোবর, যতীন দাস পার্ক, কালীঘাট ও রবীন্দ্র সদন স্টেশনে এই অভিযান চালানো হয়। এছাড়াও দক্ষিণেশ্বর, বরানগর এবং নোয়াপাড়া স্টেশন সহ চলমান ট্রেনেও প্রচার চালানো হয়েছে।
আরপিএফ জওয়ানরা সব স্টেশনে এবং চলমান ট্রেনে লাউড স্পিকারে যাত্রীদের কোভিড আচরণবিধি মেনে চলার পরামর্শ দেন। কেউ মাস্ক না পড়লে তাকে মেট্রো পরিষেবা ব্যবহার করতে দেওয়া হচ্ছেনা। এই বিপজ্জনক ব্যাধি সম্পর্কে সকলকে সচেতন করে তুলতে এবং কিভাবে মাস্ক পড়তে হবে সে বিষয়ে মেট্রো স্টেশনগুলিতে পোস্টার ও ব্যানার লাগানো হয়েছে। এছাড়াও পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে কোভিড সংক্রান্ত সচেতনতামূলক প্রচার করা হচ্ছে। এ ছাড়াও মেট্রো রেল কর্তৃপক্ষ এই মহামারীর সংক্রমণ আটকাতে যাত্রীদের কাছে সহযোগিতার অনুরোধ করছে।
