রিমা বিশ্বাস
প্রথম পর্বের পর ……
একতলার লোহার গেট খুলে দরজার কড়া নাড়তে বুলু দরজা খুলল— ‘বৃষ্টিতে ভিজলে নাকি পিপি!’ ——না, বাড়িতে ঢোকার মুখে জোরে নামল!
বাথরুম থেকে হাত মুখ ধুয়ে ঘরে ঢুকতে বৌদি গরম এক কাপ চা তার সঙ্গে ফুলুরি দিয়ে গেল। ফুলুরিতে কামড় দিয়ে বুলুকে হাঁকল রূপালী—
—‘বুলু…অঙ্কের খাতা নিয়ে আয়। আজ ত্রিকোণমিতি দেখাব!’ বুলু ও ঘর থেকে চেঁচাল ‘আসছি পিপি!’
রূপালীর ঘরের খাটের উপর বুলুর বই খাতা ছড়ানো। দুপুরের দিকটা ওদের ঘরে বউদি টিভি চালায় বলে ও ওর ঘরে এসেই পড়ে। বুলুর ভূগোল বইটা হাতে নিয়ে পাতাগুলো উল্টাতে একটা দুর্ভাঁজ করা কাগজ বেরিয়ে এল। ভাঁজ খুলতে দেখে, কারো চিঠি। তবে বুলুর হাতেই লেখা। পড়ে দেখার দরকার। বাচ্চা মেয়ে কাকে লিখেছে পিসি হয়ে দেখবে না। যদি বিপথে যায়।
