ওয়েব ডেস্ক; ২৪ আগস্ট: কম্বোডিয়ার নম পেনে ভারত ও কম্বোডিয়ার ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত যৌথ কর্মীগোষ্ঠীর তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রকের বাণিজ্য দপ্তরের যুগ্ম সচিব অমিত ভার্মা এবং কম্বোডিয়ার বাণিজ্য মন্ত্রকের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের মহাপরিচালক লং কেমভিচেত বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন ।
উভয় পক্ষ দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্যের আশাপ্রদ লক্ষ্মণগুলি নিয়ে আলোচনা করেন। বিগত অর্থ বর্ষে বাণিজ্যের পরিমাণ ছিল ২৯৯ মিলিয়ন মার্কিন ডলার। ২০২৫-২৬ অর্থবছরে বাণিজ্য ৩৬%-এরও বেশি বৃদ্ধি পেয়ে ৪০৬.৭৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এছাড়া, ২০২৬ সালের এপ্রিল-জুন ত্রৈমাসিকে আগের বছরের একই সময়ের তুলনায় ৬৩.২৫% প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে। বর্তমানে আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে কম্বোডিয়া ভারতের অষ্টম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং এই জোটের সঙ্গে ভারতের মোট বাণিজ্যে এই দেশের অংশীদারীত্ব ০.৩১%।
বৈঠকে ব্যবসা-বাণিজ্যকে আরও সম্প্রসারিত করার পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে রয়েছে—ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি ও ই-গভর্ন্যান্স ক্ষেত্রে সহযোগিতা, ভারতীয় ফার্মাকোপিয়াকে স্বীকৃতি প্রদান, বাণিজ্য সংক্রান্ত পরিসংখ্যানের সমন্বয় এবং প্রধান প্রধান বাণিজ্য মেলা ও ব্যবসায়িক প্রতিনিধিদল সংক্রান্ত তথ্য আদান-প্রদান।
এছাড়া, বৈঠকে ২ জুন নমপেনে কেএইচ কিউআর-সুবিধাযুক্ত বিক্রেতাদের কাছে ইউপিআই ব্যবস্থার সফল অন্তর্ভুক্তিকে স্বাগত জানানো হয়। পাশাপাশি, কম্বোডিয়ার পেমেন্ট অ্যাপগুলির মাধ্যমে ভারতে ইউপিআই কিউআর (UPI কোড স্ক্যান করার সুবিধা শুরু করার পরবর্তী ধাপ নিয়েও আলোচনা করা হয়। এর ফলে ভারতে কম্বোডিয়ার পর্যটকরা ইউপিআই-সুবিধাযুক্ত টার্মিনালগুলো নির্বিঘ্নে ব্যবহার করতে পারবেন।
