শুভাবরি ওয়েব ডেস্ক,২৯ জানুয়ারী, কোলকাতা :
পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের যুগ্ম আয়োগ অনুপম হালদার, গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে, অভিনেতা সঞ্জয় বিশ্বাস ও জয় অধিকারী-র উপস্থিতিতে ‘কোলকাতা পুস্তক মেলা’-য় সংবর্ধিত হল ৩ বছর ২ মাসের শিশু ভ্রাজিষ্ণু ভট্টাচার্য।
উল্লেখ্য, চুঁচুড়ার কাপাসডাঙা শিবতলার শিশু ভ্রাজিষ্ণু এরই মধ্যে তার গুণের কারণে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম তুলতে সমর্থ হয়েছে। আজ ‘কোলকাতা পুস্তক মেলা’-য় গীতার বিভিন্ন অধ্যায়ের স্তোত্র পাঠ করে সকলকে তাক লাগিয়ে দেয় এই শিশু।
ভ্রাজিষ্ণু-র বাবা জানিয়েছেন, “ওর দেড় বছর বয়সের সময় থেকেই পৃথিবীর হরেক দেশের মানচিত্রগুলো ও দেখিয়ে দিতে পারত। ওই একই সময়ে ও দেড় কিলোমিটার নিজের পায়ে হেঁটে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল ভ্রাজিষ্ণু।”
আজ ‘কোলকাতা পুস্তক মেলা’-র এস বি আই অডিটোরিয়ামে হাজির থেকে ভ্রাজিষ্ণুর গর্বিত অভিভাবকগণ জানান, “কয়েকদিনের মধ্যেই ভ্রাজিষ্ণুর হাতে এসে পৌঁছবে ‘অলিম্পিয়াড’-এর শংসাপত্র।
আজ ভ্রাজিষ্ণু ভট্টাচার্য-র সাথে সাথে ‘দূরে কোথাও পাবলিকেশন’ সংবর্ধিত করল দৃষ্টিহীন জাতীয় মহিলা ফুটবল দলের সদস্যা সঙ্গীতা মিদ্দা ও ‘দৃষ্টিহীন মহিলা ফুটবল অ্যাসোসিয়েশন’-এর সম্পাদক গৌতম দে-কেও।
‘দূরে কোথাও পাবলিকেশন’-এর তরফ থেকে অরিন্দম ভট্টাচার্য জানিয়েছেন, “এই বছর বইমেলায় নতুন ১১টি বই প্রকাশ করেছে ‘দূরে কোথাও পাবলিকেশন’।”
