ওয়েব ডেস্ক; ৩০ ডিসেম্বর : আগামী ৩১শে ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ রাতে যাত্রীদের নিরাপত্তা ও সুশৃঙ্খল যাতায়াত সুনিশ্চিত করতে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, দমদম এবং দক্ষিণেশ্বরের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে।
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। সেই লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত আরপিএফ (RPF) কর্মী মোতায়েন করা হবে, যাতে যাত্রীদের সফর নিরাপদ ও ঝামেলামুক্ত হয়।
নিরাপত্তার বিশেষ দিকগুলো:
- মহিলা ও শিশুদের সুরক্ষা: মহিলা ও শিশুদের সহায়তার জন্য পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে পর্যাপ্ত সংখ্যক মহিলা আরপিএফ অফিসার ও কর্মী মোতায়েন করা হবে।
- বিশেষ দল (Special Team): যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পার্ক স্ট্রিট, ময়দান এবং এসপ্ল্যানেড স্টেশনে একটি করে বিশেষ দল ‘স্ট্যান্ডবাই’ হিসেবে প্রস্তুত থাকবে।
- কুইক রেসপন্স টিম (QRT): জরুরি অবস্থার জন্য এই তিনটি গুরুত্বপূর্ণ স্টেশনে একটি কুইক রেসপন্স টিমকেও সদা প্রস্তুত রাখা হবে।
- নজরদারি ও নিয়ন্ত্রণ: সেন্ট্রাল কন্ট্রোল রুমে পর্যাপ্ত কর্মী নিযুক্ত থাকবেন এবং সিসিটিভি-র মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। পার্ক স্ট্রিট স্টেশনে ভিড় সামলাতে কিউ ম্যানেজার, লাউড হেলার এবং দড়ি ব্যবহার করা হবে।
- ডগ স্কোয়াড: নাশকতা রুখতে ডগ স্কোয়াডের সাহায্যে তল্লাশি চালানো হবে।
এছাড়াও, পার্ক স্ট্রিট স্টেশনে একজন অফিসার ও চারজন কর্মীকে নিয়ে গঠিত আরও একটি বিশেষ দল থাকবে। যাত্রীদের সঠিক পথনির্দেশ এবং প্রয়োজনীয় সাহায্য করার জন্য পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্যানেড স্টেশনে পর্যাপ্ত আরপিএফ কর্মী উপস্থিত থাকবেন।
উল্লেখযোগ্য যে, ওইদিন অর্থাৎ ৩১শে ডিসেম্বর রাতে যাত্রীদের দ্রুত যাতায়াতের সুবিধার্থে ব্লু লাইনে রাত ৯টা ৪০ মিনিটের পর ৮টি অতিরিক্ত বিশেষ মেট্রো চালানো হবে।
