ওয়েব ডেস্ক; ১৬ জানুয়ারি : জার্মানির ফেডারেল প্রজাতন্ত্রের চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জের ১২-১৩ জানুয়ারি ভারত সফরের সময় ভারত ও জার্মানির মধ্যে টেলিযোগাযোগ সহযোগিতা বিষয়ে একটি যৌথ অভিপ্রায় ঘোষণাপত্র (জেডিআই) স্বাক্ষরিত হয়েছে। ভারত সরকারের পক্ষে টেলিযোগাযোগ সচিব অমিত আগরওয়াল এবং জার্মানি সরকারের পক্ষে ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডঃ ফিলিপ অ্যাকারম্যান এই যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।
ভারতের প্রধানমন্ত্রী এবং জার্মানির ফেডারেল চ্যান্সেলরের মধ্যে আলোচনার অন্যতম প্রধান ফল হিসেবে এই জেডিআই স্বাক্ষরিত হয়েছে। ভারত সরকারের টেলিযোগাযোগ বিভাগ (ডিওটি) এবং জার্মানির ফেডারেল প্রজাতন্ত্রের সরকারের ডিজিটাল রূপান্তর ও সরকার আধুনিকায়ন বিষয়ক ফেডারেল মন্ত্রণালয় (বিএমডিএস)-এর মধ্যে এই ঘোষণাপত্রটি স্বাক্ষরিত হয়।
এই যৌথ ঘোষণাপত্রটি ভারত-জার্মানি সম্পর্কের শক্তিশালী গতি এবং ধারাবাহিক উচ্চ-পর্যায়ের আলোচনার ওপর ভিত্তি করে টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার জন্য উভয় দেশের যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে।
