ওয়েব ডেস্ক; ১০ আগস্ট: দেশের জন্য জীবন উৎসর্গ করা বীর নায়কদের প্রতি শ্রদ্ধা জানাতে মুর্শিদাবাদের লালগোলায় গতকাল ”মেরি মাটি মেরা দেশ ” কর্মসূচির আয়োজন করা হয়। গামিলা লালগোলার গামিলা নবীন সংঘের সহায়তায় ৫৩ ব্যাটেলিয়ন সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করেছিল মুর্শিদাবাদের নেহরু যুবকেন্দ্র।
লালগোলা ব্লকের বিভিন্ন এলাকার প্রায় ১০০ জন তরুণ এই কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন বক্তা পঞ্চপ্রাণ, বৃক্ষরোপণ এবং পরিবেশ সম্পর্কে বক্তব্য রাখেন। সেই সঙ্গে তাঁদের বক্তব্যে উঠে আসে ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের প্রসঙ্গও।
এই উপলক্ষে ৫ জন অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীকে সংবর্ধনা দেওয়া হয়। বিএসএফ, নেহরু যুবকেন্দ্র এবং বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা এক মিছিলে অংশ নেন। এই উপলক্ষে চারাগাছ বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হয়েছিল।
দেশজুড়ে গতকাল থেকে শুরু হয়েছে ”মেরি মাটি মেরা দেশ ” কর্মসূচি এবং এটি চলবে ৩০ অগাস্ট পর্যন্ত। প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক ‘মন-কি-বাত ‘- অনুষ্ঠানে এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন। এই কর্মসূচির উদেশ্য, দেশের স্বাধীনতা যোদ্ধা এবং স্বাধীনতার শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা।