ডিজিটাল ডেস্ক; ২২ ফেব্রুয়ারি: নদীয়া জেলার সীমান্ত এলাকায় তিনটি সোনার বিস্কুটসহ ভারতে আসার সময় এক বাংলাদেশি কাপড় ব্যবসায়ীকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী। আটক করা সোনার বিস্কুটের ওজন ৩৪৯.৯২ গ্রাম। যার আনুমানিক মূল্য ১৭,৭৫,৮৪৪ টাকা।

ওই দিন সকাল আনুমানিক পৌনে ৮ টা নাগাদ , নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে, ৫৪ তম ব্যাটালিয়ন বর্ডার আউটপোস্ট গেদে-র জওয়ানরা কাস্টম স্টেশন গেদে থেকে একজন বাংলাদেশী ব্যক্তিকে ভারতে প্রবেশের সময় নিরাপত্তা পরীক্ষা করার জন্য থামায়। ইতিমধ্যে সন্দেহের মধ্যে থাকা বাংলাদেশি নাগরিকের জিনিসপত্র তল্লাশি করলে তার ট্রলি ব্যাগ থেকে তিনটি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। এরপর বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে জওয়ানরা।

গ্রেফতারকৃত ব্যক্তি বাংলাদেশের ঢাকা জেলার টিকাপুর এলাকার বাসিন্দা, তার নাম শাহিক আহমেদ, বাবার নাম শাহ আলম খান। যে পাসপোর্টের মাধ্যমে ভারতে আসছিল।

কাপড়ের আড়ালে পাচারের উদ্দেশ্য ছিল

জিজ্ঞাসাবাদে শাহিক আহমেদ জানায় সে একজন কাপড় ব্যবসায়ী এবং এ জন্য সে ভারতে আসা-যাওয়া করে। সে আরও জানায়, এই তিনটি সোনার বিস্কুটগুলি সে ঢাকার তিনজন স্বর্ণকারের কাছ থেকে কিনেছিল এবং কলকাতার নিউমার্কেটে অজিত কুমার রায়ের কাছে বিক্রি করতে যাচ্ছিল। অজিত কুমার রায়কে সোনার বিস্কুট দেওয়ার পর, সে মোট ৬০,০০০ বাংলাদেশী টাকা (ভারতীয় ৫২,১২৩ টাকা) লাভ করত।

বাজেয়াপ্ত সোনার বিস্কুট সহ গ্রেফতারকৃত ব্যক্তিকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টম বিভাগ, বানপুরে হস্তান্তর করা হয়েছে।

সীমান্ত নিরাপত্তা বাহিনীর জনসংযোগ অধিকর্তা বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রোধে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। যার কারণে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতরা চরম বিপাকে পড়ছে। অধিকর্তা আরও কড়া ভাষায় বলেন, আমরা কোনো অবস্থাতেই আমাদের এলাকা থেকে চোরাচালান হতে দেব না।