কলকাতা ; ১২ জুলাই : অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর পশ্চিমবঙ্গ প্রদেশ কার্যালয়ে রবিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগামী ১৪ই জুলাই, এবিভিপির ৭৮তম প্রতিষ্ঠা দিবস তথা বন্দেমাতরম রচনার সার্ধশতবর্ষ উপলক্ষ্যে মহামিছিল ও মেগা সমাবেশের ডাক দেওয়া হয়। এই কার্যক্রমের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এবিভিপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ড. বীরেন্দ্র সিং সোলাঙ্কি।

জানানো হয়, শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে শুরু হওয়া মহাশোভাযাত্রা কলেজ স্ট্রিটে পৌঁছাবে। এছাড়াও কলকাতার আরও দুটি স্থান থেকে পৃথক মিছিল কলেজ স্ট্রিটে এসে একত্রিত হবে এবং সেখানে অনুষ্ঠিত হবে এক বিশাল ছাত্র সমাবেশ। এই কর্মসূচিতে কলকাতার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১০,০০০ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করবেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এবিভিপির কেন্দ্রীয় কার্যসমিতির সদস্য শুভব্রত অধিকারী, রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য, রাজ্য মিডিয়া সংযোজক অনন্ত বাড়ুই এবং কলকাতা মহানগর সম্পাদক স্বাধীন হালদার।

কেন্দ্রীয় কার্যসমিতির সদস্য শুভব্রত অধিকারী বলেন, আগামী ১৪ জুলাইয়ের এই মহাশোভাযাত্রা ও মহাসমাবেশ ‘বন্দে মাতরম’-এর সার্ধশতবর্ষ এবং ৯ জুলাই এবিভিপির জাতীয় ছাত্র দিবস উপলক্ষে আয়োজিত হচ্ছে। তিনি বলেন, “কলকাতা বাংলার শিক্ষার ও সাংস্কৃতিক কেন্দ্র। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য ছাত্রসমাজের মধ্যে জাতীয়তাবাদী চেতনা আরও সুদৃঢ় করা এবং কলেজ ক্যাম্পাসে সুস্থ, স্বাভাবিক ও শিক্ষাবান্ধব পরিবেশ প্রতিষ্ঠার দাবিকে শক্তিশালী করা।”

এবিভিপির রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য জানান, এবিভিপির ৭৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুরু হওয়া সদস্যতা অভিযানে প্রথম দিনেই পশ্চিমবঙ্গে ৪৪,০০০-এরও বেশি নতুন সদস্য যুক্ত হয়েছেন। তিনি বলেন, “এই সদস্যতা অভিযানকে আমরা ১০ লক্ষ সদস্যের লক্ষ্যে পৌঁছে দিতে বদ্ধপরিকর। ১৪ জুলাইয়ের মহাসমাবেশের মূল লক্ষ্য ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করা এবং কলেজ ক্যাম্পাসগুলিকে শিক্ষার উপযোগী, সুস্থ পরিবেশের দাবিতে সংগঠিত করা।”

কলকাতা মহানগর সম্পাদক স্বাধীন হালদার বলেন, “১৪ই জুলাইয়ের এই মহাসমাবেশের মাধ্যমে বিদ্যার্থী পরিষদ কলকাতার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিজের সাংগঠনিক উপস্থিতি ও ছাত্রস্বার্থে সংগ্রামের বার্তা আরও সুদৃঢ়ভাবে তুলে ধরবে। ছাত্রসমাজের অধিকার, শিক্ষার মানোন্নয়ন এবং একটি ইতিবাচক ক্যাম্পাস পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এবিভিপির আন্দোলন আগামী দিনেও অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *