ওয়েব ডেস্ক; ১৬ জুন : তথ্যচিত্র, ছোট কাহিনী চিত্র এবং অ্যানিমেশনের ক্ষেত্রে ভারতের বৃহত্তম সমারোহ মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হ’ল। মুম্বাইয়ের দাদারে রবীন্দ্র নাট্য মন্দিরে ১৯তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী তথা সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এল মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের মিডিয়া ও বিনোদন ক্ষেত্র সারা বিশ্বে প্রথম সারিতে উঠে এসেছে। ২০২৫ সালে এই ক্ষেত্রে বিকাশ হার ৯ শতাংশে পৌঁছেছে – ব্যবসায়িক আদান-প্রদানের পরিমাণ দাঁড়িয়েছে ২.৭৮ লক্ষ কোটি টাকা। ডিজিটাল মিডিয়া ক্ষেত্রে রাজস্বের পরিমাণ ১ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে, যা একটি রেকর্ড। এই ক্ষেত্রে ব্যবসায়িক আদান-প্রদান ২০২৮ সাল নাগাদ ৩.৩ লক্ষ কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। তিনি আরও বলেন, শুধুমাত্র ২০২৫ সালেই ভারতে ১ হাজার ৯০০টি সিনেমা রিলিজ হয়েছে।
এ প্রসঙ্গে তিনি ওয়েভস ডক বাজারের উল্লেখ করেন, যা তথ্যচ্চিত্র নির্মাতাদের সঙ্গে শিল্প মহলের সমন্বয়সাধনে অন্যতম মঞ্চ হয়ে উঠেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের সংস্কৃতি বিষয়ক ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আশিস সেলার। স্বাগত ভাষণ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব চঞ্চল কুমার।
ভারতীয় সিনেমায় অবদানের জন্য বিশেষভাবে সম্মান জানানো হয় অভিনেতা জয়দীপ আহালোয়াত’কে। এছাড়াও, জুরিদের এবং চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত বিশিষ্টজনেদের সম্মানিত করা হয় এই অনুষ্ঠানে।
উল্লেখ্য, কাহিনী চিত্র নয়, এমন সিনেমার ক্ষেত্রে মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দক্ষিণ এশিয়ার বৃহত্তম সমারোহ।