গার্গী সিনহা
তৃতীয় পর্বের পর…….
ডুয়ার্সের ধারণ অরণ্য একদিকে যেমন দেশজ বাসগৃহ নির্মাণের উপকরণের যোগান দেয় তেমনি গৃহের কাঠামোও তৈরি হয় অরণ্যে অবস্থানজনিত অভিযোজন প্রক্রিয়ার সাথে সামঞ্জস্য রেখে। এক কথায় বলতে গেলে অরণ্য থেকে আহরিত অস্থায়ী অথচ টেকসই নানাপ্রকার উদ্ভিজ্জ উপাদানের সূচর্চিত ব্যবহারে তৈরি হওয়ায় ডুয়ার্সের দেশজ বাসগৃহগুলি আদতে যথেষ্ট হালকা কাঠামোর এবং সম্পূর্ণরূপে পরিবেশবান্ধব। আলোচনার শুরুতে আমরা দেখব এইসব দেশজ বাসগৃহ তৈরিতে সচরাচর কি কি উপাদান ব্যবহৃত হয়ে থাকে। গৃহনির্মাণে বৃক্ষশ্রেণীর উদ্ভিদের মধ্যে শালগাছের ব্যবহার সর্বাধিক— মূলত খুঁটি ও তক্তা হিসাবে। প্রসঙ্গত উল্লেখ্য, এই তক্তার ব্যবহার কিন্তু এখানকার দেশজ স্থাপত্যের নিদর্শন নয়। তক্তা পাওয়া যায় কাঠ চেরাই করে, যে প্রক্রিয়া আগেকার দিনের সহজ সরল তথা চাহিদাবিহীন জীবনযাপনে অভ্যস্ত দেশজ মানুষদের জানা ছিল না; হয়ত বা অন্যান্য প্রাকৃতিক গৃহনির্মাণসামগ্রীর প্রাচুর্য ও সহজলভ্যতার কারণে এর প্রয়োজনও খুব একটা ছিল না। কুড়াল প্রভৃতি দেশজ যন্ত্র ব্যবহার করে তারা গাছের বিভিন্ন অংশ (যেমন ডালপালা ও গুঁড়ি) প্রয়োজনীয় আকারে কেটে ব্যবহার করত। উদাহরণ হিসাবে বলা যায় টোটোদের দেশজ বাড়িতে ঢোকার জন্য যে উঁচু সিঁড়ি থাকে তা সাধারণত তৈরি করা হত গাছের আস্ত একটা গুঁড়ি কুঁদে।
ক্রমশ…..
