ধ্রুব দে

অষ্টম পর্বের পর…..

অশোকের চোখ ছিল বাড়ির দিকেই, সে স্পষ্ট দেখে কলি গেটের খিল খুলে বাইরে আসছে। বাইরে বেরিয়ে এদিক-ওদিক দেখছে। পিছনে খালি গায়ে কলির বাবা। তার মানে মিতু গেট টপকে বাইরে বেরিয়েছে। তারপর অশোককে দেখতে পেয়ে তার দিকে দৌড় লাগিয়েছে। কিংবা গেটের ফাঁক দিয়ে অশোককে আসতে দেখে গেট টপকেছে। ভাবনার কথা! মানুষের চেয়েও উঁচু গেট টপকাল মিতু! কীভাবে পারল, কবে শিখল এসব প্রশ্নের উত্তর জানার চেয়ে ওর কাছে বড় প্রশ্ন হল, এরপর মিতুকে আটকাবে কীভাবে? এর উত্তর জানাটাই তার কাছে সবচেয়ে জরুরি এখন।

এসব ভাবনার মধ্যে কখন সামনে দাঁড়িয়েছে কলি খেয়াল করেনি অশোক। কলির আঁচলে চাপা মুখ। মুহূর্ত কয়েক চুপ হয়ে মুখোমুখি দাঁড়াল কলি, তারপর অশোকের কাছ থেকে ছিনিয়ে নিল মিতুকে। মিতু এখন আষ্টেপৃষ্টে মার গলা জড়িয়ে ধরেছে। কলি অশোকের দিক থেকে ঘুরল বাড়ির দিকে। দাঁড়িয়ে আছে কলি। সামনে তার বাবা। কিছু একটা বলল যেন বাবা, বোঝা গেল না। অশোক এখন কী করবে— সামনে দাঁড়ানো কলি, কলির বাবা। কলির কোলে মিতু। কেউ নড়ছে না! ও এগিয়ে যাবে বাড়ির দিকে?

অশোক পিছন থেকে ঝুঁকে পড়ল কলির দিকে। দেখে নীরবে কেঁদে চলেছে কলি আর মিতু তার ছোট ছোট হাতে সব জল শুষে নিচ্ছে।

সমাপ্ত …..