ডিজিটাল; কলকাতা, ১২ এপ্রিল : কথায় আছে বাঙালির বারো মাসের তেরো পার্বণ। আর এই তেরো পার্বনকে নিয়ে বাঙালির রয়েছে বিভিন্ন উৎসব। সেই তেরো পার্বণ উদযাপনে ভারতের প্রথম কারাওকে অ্যাপ – ‘ স্টারমঞ্চ ‘ বাংলা নববর্ষ উপলক্ষে প্রকাশ করল তাঁদের অ্যালবাম – ‘বারো মাসে তেরো পার্বণ’ মঙ্গলবার প্রেসক্লাবে অনুষ্ঠিত একটি সাংবাদিক সম্মেলনে। অ্যালবামের প্রথম গানের নাম হল – ‘পয়লা সবার থাক’। গানটি গেয়েছেন রূপঙ্কর, শ্রীকান্ত আচার্য ও লোপামুদ্রা মিত্র , ইমন চক্রবর্তী । গানের সুরকার জয় সরকার , গানের কথা লিখেছেন শ্রীজাত।
সামনেই পয়লা বৈশাখ এবং সেকথা মাথায় রেখেই ‘পয়লা সবার থাক’ গানটি প্রকাশ। ‘পয়লা’ আমাদের জীবনে এক নতুন সূর্যোদয়ের সঙ্গে অপরিসীম সম্ভাবনাও নিয়ে আসে যা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং এই গানের মাধ্যমে সেই ভাবনাই ফুটিয়ে তোলা হয়েছে। ‘বারো মাসে তেরো পার্বণ’ নামটিও বাঙালিদের জীবনের সঙ্গে ওতঃপ্রোত ভাবে জড়িত। আজকালকার ব্যস্ত জীবনেও বাঙালিরা তাঁদের উৎসব ও সংস্কৃতি বজায় রাখার চেষ্টা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে যা সত্যিই আমাদের সকলের কাছে গর্বের বিষয়।
জয় সরকার বলেন, বর্তমান যুগে মানুষ গান শোনার সাথে সাথে ভিডিও দেখতে চাইছে। তাই যুগের সাথে তাল মিলিয়ে এই বর্তমান যুগের ভিডিও অ্যালবাম তৈরি হচ্ছে। বাংলার নববর্ষের সাথে আমাদের যেরকম অস্তিত্ব জড়িয়ে রয়েছে তেমনভাবেই বাঙালির ঐতিহ্য রয়েছে। অতএব ওই দিনটির ঐতিহ্যকে আগামী প্রজন্ম এগিয়ে নিয়ে যাবে এটাই আশা রাখছি।
স্টারমঞ্চ-এর সিইও রণদীপ ভট্টাচার্য্য এব্যাপারে জানান, “পয়লা বৈশাখের ঠিক আগেই বাংলার সংগীতজগতের নামকরা ব্যক্তিত্বদের নিয়ে একটি গান প্রকাশের দৃষ্টান্ত খুবই কম এবং আমরা আশাবাদী যে গানটি শ্রোতাদের কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে। আমরা আরও আশাবাদী যে শীঘ্রই
অ্যালবামের বাকি গানগুলিও আমাদের শ্রোতাদের উপহার দিতে পারব।”
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, নববর্ষ উপলক্ষে একটি গান প্রকাশ হলো। তেমনভাবেই তেরো পার্বনের ঐতিহ্য নিয়েই বিভিন্ন গান আগামী দিনে এই অ্যালবামে প্রকাশ হবে।
