ডিজিটাল; ৩ জুন: পৃথিবীর সামনে সবচেয়ে বড় সমস্যা বিশ্ব উষ্ণায়ন। যার জেরে জলবায়ু পরিবর্তন ঘটছে। আর এর প্রভাব পড়ছে সবদেশের উপরেই। এর জন্য দায়ী পরিবেশ দূষণ। দৈনন্দিন জীবনে নির্বিচারে গাছপালা কেটে ফেলায় সমাজ কংক্রিটের জঙ্গলে পরিণত হচ্ছে। পরিবেশ রক্ষা না করতে পারলে মানব সভ্যতা লোপ পাবে।
আজ বিশ্ব বাইসাইকেল দিবস। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে দেশের ৭৫টি ঐতিহাসিক স্মারক স্থল থেকে এদিন সাইকেল র্যালির আয়োজন করা হয়। এরই অঙ্গ হিসেবে নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে কোচবিহারের ঐতিহাসিক রাজবাড়ি থেকে সাইকেল র্যালির সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র, যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। এই র্যালিতে অংশ নেন অসংখ্য সাধারণ মানুষ।
এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, দেশের ৭৫টি ঐতিহাসিক স্মারক স্থলের মধ্যে কোচবিহারকে বেছে নেওয়া অত্যন্ত গর্বের বিষয়। তিনি আরো জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। সরকার যোগাভ্যাসকে গুরুত্ব দিয়েছে। এমনকি ফিট ইন্ডিয়া কর্মসূচি নিয়েছে। শরীর সতেজ ও মনকে সুস্থ রাখতে নিয়মিত বাইসাইকেল চালানো দরকার বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে সাধারণ মানুষকে উৎসাহ যোগাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষ্যে পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে সচেতন করে তুলতে কলকাতাতেও নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে এক বিশেষ সাইকেল র্যালির আয়োজন করা হয়। এর অঙ্গ হিসেবে শ্যামবাজার লেডিজ পার্ক থেকে প্রায় ১৫০ জন যুবক-যুবতী সাইকেলে চেপে উত্তর কলকাতার বিভিন্ন এলাকা পরিক্রমা করেন। সাইকেল যাত্রার সূচনা করেন বিভিন্ন ক্ষেত্রের স্বনামধন্য ব্যক্তি বর্গ। নেহরু যুব কেন্দ্রের সহ অধিকর্তা নন্দিতা ভট্টাচার্য জানান, সাইকেলের ব্যবহার বাড়লে প্রধানমন্ত্রীর ফিট ইন্ডিয়া এবং স্বাধীনতার অমৃত মহোৎসবের মহান উদ্দেশ্য সফল হবে।
জাতীয় স্তরের প্রাক্তন ফুটবলার মনোজিৎ দাস জানান, সাইকেল একদিকে যেমন দূষণ মুক্ত যান, তেমনই এর ব্যবহারে শরীর সুস্থ থাকে। তাই সকলের আরও বেশি করে সাইকেল চালানো উচিত বলে উল্লেখ করেন তিনি। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসএস-এর আঞ্চলিক অধিকর্তা বিনয় কোঙার, এনসিসি-এর কর্ণেল দেবেন্দর মৈত্র সহ অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষ্যে সবুজায়নের লক্ষ্যে নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে দক্ষিণ কলকাতাতেও সাইক্লোথন-এর আয়োজন করা হয়। যতীন দাশ পার্ক থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই সাইক্লোথন। এতে দক্ষিণ কলকাতার বিভিন্ন সংগঠন এবং যুব ক্লাব থেকে আড়াইশো জনেরও বেশি সাইকেল চালক অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল বিশ্বকাপ দলের প্রাক্তন অধিনায়ক কল্পনা ঘোষ দস্তিদার, অ্যাসিসটেন্ট কমিশনার অফ পুলিশ উজ্জ্বল রায় সহ অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
