ওয়েব ডেস্ক; ৫ সেপ্টেম্বর: নতুন দিল্লিতে জি-২০ সম্মেলনের পাশাপাশি, ৮ থেকে ১০ সেপ্টেম্বর প্রগতি ময়দানের ভারত মন্ডপম – এ একটি ‘কারুশিল্প বাজার’ (প্রদর্শনী তথা বিক্রি)-এর আয়োজন করা হয়েছে।
এই কারুশিল্প বাজারে হস্তশিল্পের পণ্য প্রদর্শিত হবে। মূলত, ‘এক জেলা, এক পণ্য’ (ওডিওপি) – এর উপর নজর রেখে মহিলা এবং উপজাতি শিল্পীদের তৈরি জিআই ট্যাগ লগানো পণ্য ও সামগ্রী থাকবে সেখানে। সম্মেলনে যোগ দেওয়া অতিথিবৃন্দ, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এই কারুশিল্প বাজার পরিদর্শন করার এবং স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য কেনার সুযোগ পাবেন। এই বাজার শুধুমাত্র বিশ্ব মঞ্চে ভারতের পণ্যকে তুলে ধরবে না, একই সঙ্গে স্থানীয় শিল্পীদের জন্য নতুন আর্থিক ও বাজারের দরজা খুলে দেবে। বস্ত্র মন্ত্রক এবং রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারের সঙ্গে সমন্বয় বজায় রেখে জি-২০ সচিবালয় এই প্রদর্শনীর আয়োজন করেছে। প্রায় ৩০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পাশাপাশি খাদি গ্রাম ও শিল্প কমিশন এবং ট্রাইফেড, সরস আজীবিকার মতো কেন্দ্রীয় সংস্থাগুলি এই কারুশিল্প বাজারে অংশগ্রহণ করবে।
