ওয়েব ডেস্ক; ২৪ সেপ্টেম্বর: কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রক মধ্যপ্রদেশের ইন্দোরে ব্রিলিয়ান্ট কনভেনশন সেন্টারে ২৬ ও ২৭ সেপ্টেম্বর এবছরের ইন্ডিয়া স্মার্ট সিটিজ কনক্লেভের আয়োজন করবে। এই কনক্লেভে নগর উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন উদ্ভাবনের ক্ষেত্রে প্রথম সারিতে থাকা সংস্থাগুলি উপস্থিত থাকবে। এছাড়াও, ১০০ টি স্মার্ট শহরের প্রতিনিধিরাও কনক্লেভে যোগ দেবেন। অনুষ্ঠানে স্মার্ট সিটি প্রকল্পের আওতায় বিভিন্ন শহর তাদের উল্লেখযোগ্য উদ্যোগগুলি উপস্থাপিত করবে — এর মাধ্যমে ভবিষ্যতে নগর জীবনের ইতিবাচক পরিবর্তনের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণে সুবিধা হবে।

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু চতুর্থ ইন্ডিয়া স্মার্ট সিটিজ অ্যাওয়ার্ড কনটেস্ট (আইএসএসি)-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। ২০১৮ সাল থেকে কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রক স্মার্ট সিটিজ মিশনের আওতায় আইএসএসি-র আয়োজন করে থাকে। এই কর্মসূচীর অন্যান্য গুরুত্বপূর্ণ উদ্যোগগুলির মধ্যে রয়েছে শহরের জীবনযাত্রাকে আরও সহজ করে তুলতে প্রয়োজনীয় কৌশল গ্রহণ করা, যে সব প্রকল্প বাস্তবায়নের ফলে নাগরিকরা উপকৃত হন, সেগুলিকে স্বীকৃতিদানের জন্য পুরস্কৃত করা এবং বিভিন্ন শহরের ভালো দিকগুলি সম্পর্কে প্রচার চালানো।

এই সম্মেলনে মধ্যপ্রদেশের রাজ্যপাল মাঙ্গুভাই সি প্যাটেল, রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী, দপ্তরের প্রতিমন্ত্রী কৌশল কিশোর, কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব, কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি, যোগাযোগ এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং মধ্যপ্রদেশের নগরোন্নয়ন মন্ত্রী ভূপেন্দ্র সিং উপস্থিত থাকবেন।

এছাড়াও, এই অনুষ্ঠানে মধ্যপ্রদেশ সরকারের উর্ধ্বতন আধিকারিক, ১০০টি স্মার্ট শহরের মেয়র ও কমিশনার, বিভিন্ন শিল্পসংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং স্মার্ট সিটি প্রকল্পের সঙ্গে যুক্ত সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

দু’দিনের এই সম্মেলনের বিষয়ে বিস্তারিত তথ্য অ্যানেক্সচার বা সংযুক্তিতে দেওয়া রয়েছে। অ্যানেক্সচার-এ-তে প্রথম দিনের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। সেদিন ২০২২-এর আইএসএসি-র যেসব প্রকল্প পুরস্কৃত হবে, সেগুলি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। ইন্দোর এবং উজ্জ্বয়িনী স্মার্ট সিটি মিশনের আওতায় যে প্রকল্পগুলি বাস্তবায়িত হয়েছে, সেগুলি সম্পর্কে সংশ্লিষ্ট শহরের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকরা উপস্থিত সকলকে জানাবেন।

দ্বিতীয় দিনে স্মার্ট সিটিগুলির বিভিন্ন বিষয়ের ওপর আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। ৫ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, ৩১ টি শহর এবং ৭ টি অংশীদার সংগঠন এই পুরস্কার পাবে। আইএসএসি-তে ৬৬ টি পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কারের বিষয়ে বিস্তারিত তথ্য অ্যানেক্সচার বি-তে দেওয়া আছে। স্মার্ট সিটি কর্মসূচীর আওতায় ৪ টি প্রতিবেদন প্রকাশ করা হবে। পুরস্কার বিতরণের পর বিজয়ী শহরগুলির মুখ্য কার্যনির্বাহী আধিকারিকরা তাঁদের অভিজ্ঞতার কথা জানাবেন। দিনের শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।