ওয়েব ডেস্ক; ২৬ ডিসেম্বর : ভারতীয় রেল গুরুত্বপূর্ণ একটি পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পে ₹৪৩১ কোটি ৭৬ লক্ষ বরাদ্দ করেছে। এই অর্থে দক্ষিণপূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখায় গুরুত্বপূর্ণ ৫৭ নম্বর রেল সেতুটি পুনর্নির্মাণ করা হবে।

এছাড়াও লাইন সরিয়ে নতুন লাইন পাতার জন্য ভায়াডাক্ট নির্মাণ, কোলাঘাটে নতুন স্টেশন তৈরি, প্ল্যাটফর্মের সামগ্রিক কাজ, এবং দেউলটি ও কোলাঘাটের মধ্যে যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করতে উন্নয়নমুলক নানা কাজ করা হবে।

হাওড়া- খড়্গপুর শাখায় দীর্ঘ ৬ দশকেরও বেশী সময় ধরে ৫৭ নম্বর সেতু রেল পরিসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এটি শক্তিশালী ভিতের উপর তৈরি করা হয়েছে। যে সেতুটি তৈরি করা হবে, সেটি আধুনিক প্রযুক্তিতে নির্মিত হবে, যাতে দীর্ঘদিন ধরে এই সেতু দিয়ে ট্রেন চলাচল করতে পারে।

এই পুনর্নির্মাণ প্রকল্পে রেলের ভবিষ্যৎ পরিচালনগত চাহিদাগুলিও বিবেচিত হবে। এখন ট্রেনের বগি ও ইঞ্জিনের আক্সেলের ওজন বৃদ্ধি করা হচ্ছে। এছাড়াও ট্রেন চলাচল বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ঘন্টায় ১৩০ কিলোমিটার গতিবেগে যাতে ট্রেন চলাচল করতে পারে, সেদিকগুলিও দেখা হবে। নতুন সেতু যাতে দক্ষ ভাবে ৫৭ জিএমটি পর্যন্ত ভার বহন করতে পারে, সেই ভাবে পরিকল্পনা করা হয়েছে।

ভবিষ্যতের চাহিদার কথা বিবেচনা করে এই সেতু দিয়ে চারটি লাইন রাখার ব্যবস্থা করা হচ্ছে। এর জন্য প্রয়োজনীয় স্থানের ব্যবস্থা করা হবে। আর্থিক উন্নয়ন, প্রযুক্তিগত বিভিন্ন বিষয়কে এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে এই গুরুত্বপূর্ণ রেল করিডোর দিয়ে আরও সুরক্ষিতভাবে ট্রেন চালানো যাবে। ট্রেন চালানোর ক্ষেত্রে দক্ষতাও বৃদ্ধি পাবে।