ওয়েব ডেস্ক; ১০ মে : প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এবং ভারতীয় বিমানবাহিনী দেশজ ট্যাকটিক্যাল অ্যাডভান্সড রেঞ্জ অগমেন্টেশন (টিএআরএ) অস্ত্রের সফল পরীক্ষা করেছে। ওড়িশা উপকূলে দেশজ পদ্ধতিতে তৈরি প্রথম মিডিউলার রেঞ্জ গ্লাইড অস্ত্রের এই সফল পরীক্ষা হয়।
এটি ভারতের প্রথম নিজস্ব গ্লাইড অস্ত্র ব্যবস্থা যা সাধারণ এবং অব্যবহৃত ওয়ারহেড বা বোমাকে সুনির্দিষ্ট লক্ষ্যভেদী অস্ত্রে রূপান্তরিত করে।
হায়দরাবাদে রিসার্চ সেন্টার ইমারত (আরসিআই) ডিআরডিও’র পরীক্ষাগারের সঙ্গে একযোগে এই টিএআরএ – এর নকশা ও উন্নয়নের কাজ করেছে। কম খরচে তৈরি এই অস্ত্র ভূমিতে কোনও লক্ষ্য বস্তুতে সঠিক আঘাত হানতে সক্ষম। অত্যাধুনিক এই গ্লাইড অস্ত্র দেশে তৈরি প্রথম স্বল্প মূল্যে তৈরি গ্লাইড অস্ত্র। এই অস্ত্র নির্মাণে ডেভেলপমেন্ট কাম প্রোডাকসন পার্টনার্স (ডিসিপিপি) এবং অন্যান্য ভারতীয় শিল্প সংস্থা অংশ নিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই অস্ত্রের প্রথম সফল পরীক্ষার জন্য ডিআরডিও, আইএএফ, ডিসিপিপি এবং অন্যান্য শিল্প সংস্থাকে অভিনন্দন জানিয়েছেন। ভারতে দেশজ প্রতিরক্ষা সক্ষমতাকে এগিয়ে নিয়ে যেতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন দপ্তরের সচিব এবং ডিআরডিও’র চেয়ারম্যান ডঃ সমীর ভি কামাত অস্ত্রের এই সফল পরীক্ষার সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানিয়েছেন।
