কলকাতা ; ১১ মে : বাংলাদেশ সীমান্তে বেড়া তৈরির জন্য বিএসএফ – কে জমি হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, জানান রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । রাজ্যে নতুন সরকার গঠনের পর ১১ মে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রী বলেন, ৪৫ দিনের মধ্যে রাজ্যের সীমান্তে বেড়া দেওয়ার জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি হস্তান্তর করা হবে।
বিএসএফকে জমি হস্তান্তর নিয়ে বিগত সরকারের বিরুদ্ধে বহু অভিযোগ এনেছে কেন্দ্রীয় সরকার। এমনকি অনুপ্রবেশ এর বিষয়ও তোলা হয়েছে এই প্রসঙ্গে।
মুখ্যমন্ত্রী রাজ্যে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্প এবং আরও বেশ কয়েকটি কেন্দ্রীয় সরকারি প্রকল্প বাস্তবায়নের কথা বলেন। রাজ্য এখন আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে এবং এর পাশাপাশি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ও প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধাও পেয়েছে।

সরকারি চাকরির আবেদনকারীদের বয়সসীমা পাঁচ বছর পর্যন্ত বাড়ানো মন্ত্রিসভা অনুমোদন করেছে। মন্ত্রিসভা আরও সিদ্ধান্ত নিয়েছে যে আইএএস, আইপিএস এবং কর্মকর্তারা কেন্দ্রীয় প্রশিক্ষণ গ্রহণ করবেন।

পূর্ববর্তী সরকার সংবিধান লঙ্ঘন করে ভারতীয় ন্যায় সংহিতা বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করে তিনি বলেন, মন্ত্রিসভা রাজ্যে এই আইনটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।
অতএব নিজের চেয়ারে বসেই রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম দিনেই সাংবাদিক সম্মেলনে মাস্টার স্ট্রোক দিয়ে দিলেন। নবান্নে এদিন ঢোকার পর মুখ্যমন্ত্রী গার্ড অফ অনার দেওয়া হয় এবং তারপরেই তিনি প্রথম ক্যাবিনেট বৈঠক সেরে ফেলেন।