শুভাবরি ওয়েব ডেস্ক, ১২ মে, কলকাতা :
সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত। অর্থাৎ বাম আমল থেকে শুরু করে তৃণমূল এই দীর্ঘ ১১ বছর তিনি দক্ষিণ দমদম পুরসভার এই পদে ছিলেন। ইতিমধ্যে তিনি দমকল মন্ত্রীও হয়েছেন।
সেই সুজিত বসুকে সোমবার পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট গ্রেফতার করে।
তবে পুরসভা নিয়োগ দুর্নীতি বিষয়টি শিক্ষা দুর্নীতির তদন্তের সময় ইডির নজরে আসে। পরবর্তীকালে তদন্তে এগিয়ে যায় এবং সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার সকালে তিনি তার আইনজীবী এবং ছেলেকে সাথে নিয়ে ইডি দপ্তরে হাজির হন এবং প্রায় সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তদন্তের স্বার্থে সুজিত বসুকে গ্রেফতার করা হয় বলে সূত্রের দাবি।
মাত্র দুদিন আগে রাজ্যে নতুন সরকার তার মন্ত্রীদের ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে শপথ নেয়। আর এবার তৃণমূল কংগ্রেসের একজন প্রাক্তন প্রভাবশালী মন্ত্রী গ্রেপ্তার হন। জনমানসে জিজ্ঞাসা, এরপরে আর কত?? এটা কি শেষের শুরু?
