ওয়েব ডেস্ক; ২৯ মে : পরিবেশবান্ধব ও সুস্থিত পরিবহণের দিকে এক বড় পদক্ষেপ হিসেবে, ভারতীয় রেল উত্তর রেলের জিন্দ-সোনিপত শাখায় ১০টি কামরার একটি হাইড্রোজেন ফুয়েল সেল-ভিত্তিক ট্রেনসেট চালুর অনুমোদন দিয়েছে। ট্রেনসেটটি শীঘ্রই চালু হতে চলেছে, এটি ১২০০ কিলোওয়াট হাইড্রোজেন ফুয়েল সেল প্রোপালশন সিস্টেমে চালিত হয়ে ঘন্টায় সর্বোচ্চ ৭৫ কিমি গতিতে চলবে।

হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তি হাইড্রোজেন ব্যবহার করে একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে। এক্ষেত্রে শুধুমাত্র জলীয় বাষ্পের নির্গমন হওয়ায় এটি প্রচলিত জীবাশ্ম জ্বালানি-ভিত্তিক ট্র্যাকশন সিস্টেমের এক পরিচ্ছন্ন বিকল্প হয়ে ওঠে। সুস্থিত গতিশীলতার এক সম্ভাবনাময় সমাধান হিসেবে হাইড্রোজেন-ভিত্তিক রেল ব্যবস্থা বিশ্ব জুড়ে ক্রমশই স্বীকৃতি পাচ্ছে। দূষণমুক্ত রেল পরিবহণের জন্য জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো হাতে গোনা যে কয়েকটি দেশ প্রয়াস চালাচ্ছে, এই উদ্যোগের মাধ্যমে ভারতও তাদের সমকক্ষ হয়ে উঠলো। এই প্রযুক্তি এখনও প্রাথমিক পর্যায়ে থাকায়, বর্তমানে সীমিত সংখ্যক দেশই এই ধরনের ব্যবস্থা পরিচালনা বা পরীক্ষা করছে।

এই কার্যক্রমের জন্য হরিয়ানার জিন্দ-সোনিপত শাখাটিকে পরীক্ষামূলক পথ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ট্রেন-সেটের জন্য জিন্দে একটি দেশীয় হাইড্রোজেন সংরক্ষণ ও রিফুয়েলিং কেন্দ্র স্থাপন করা হয়েছে। পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অর্গানাইজেশন (পিইএসও) এখানে সংকুচিত হাইড্রোজেন গ্যাস সংরক্ষণ ও বিতরণের জন্য প্রয়োজনীয় লাইসেন্স প্রদান করেছে।

রিফুয়েলিং কার্যক্রমের জন্য একটি হাইড্রোজেন কম্প্রেশন সিস্টেম গড়ে তোলা হয়েছে, এরসঙ্গে প্রয়োজনীয় কারিগরি সহায়তা এবং গুরুত্বপূর্ণ যন্ত্রাংশও দেওয়া হয়েছে। একটি স্ট্যান্ডবাই কম্প্রেসার ইউনিটও রাখা হচ্ছে। হাইড্রোজেন উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ কেন্দ্রে বিভিন্ন সুরক্ষা সেন্সর বসানো হয়েছে। এর মধ্যে হাইড্রোজেন লিক ডিটেক্টর এবং ফ্লেম ডিটেক্টর রয়েছে। এগুলিতে যাতে ধুলো জমে না যায় বা অন্য কোন বিভ্রাট দেখা না দেয়, সেজন্য নিয়মিত পরিদর্শন ও পরিষ্কারের ব্যবস্থা করা হয়েছে।

আরডিএসও কর্তৃক অনুমোদিত হাইড্রোজেন ট্রেন-সেট এবং হাইড্রোজেন প্ল্যান্টের জন্য পরিচালনা ও রক্ষণাবেক্ষণের নিয়মাবলীও তৈরি করা হচ্ছে। শাকুরবস্তিতে প্রস্তাবিত রক্ষণাবেক্ষণ কেন্দ্রে যথাযথ সুরক্ষা ব্যবস্থার সংস্থান ও নিয়মিত অডিটের ব্যবস্থা করা হচ্ছে, প্রণয়ন করা হচ্ছে মান্য পরিচালন বিধি।

অনুমোদনের শর্ত হিসাবে ব্যাপক নিরাপত্তা ও পরিচালনবিধি বাধ্যতামূলক করা হয়েছে, যার মধ্যে রয়েছে হাইড্রোজেন রিফুয়েলিং সিস্টেমের ২৪x৭ পর্যবেক্ষণ, গুরুত্বপূর্ণ কার্যক্রমের জন্য প্রশিক্ষিত ও স্বীকৃত কর্মীদের মোতায়েন এবং নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণের সময়সূচী। কার্যক্রমের প্রাথমিক পর্যায়ে, প্রশিক্ষিত কারিগরি কর্মীরা ট্রেনটির সঙ্গে থাকবেন।

এই প্রকল্পটি উদ্ভাবন, শক্তি দক্ষতা এবং পরিবেশগতভাবে সুস্থিত পরিবহণের প্রতি ভারতীয় রেলের বৃহত্তর অঙ্গীকারকে প্রতিফলিত করে এবং ভারতের জাতীয় পরিচ্ছন্ন শক্তি ও নেট-জিরো কার্বন নিঃসরণের লক্ষ্যকে সমর্থন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *