কলকাতা; ১১ আগস্ট: অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) দক্ষিণবঙ্গ প্রদেশের দুই দিবসীয় প্রদেশ কার্যকারিণী বৈঠক তমলুক সাংগঠনিক জেলার হলদিয়ায় অনুষ্ঠিত হয়। দুই দিনের এই বৈঠকে পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষাব্যবস্থা, ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা, নারী সুরক্ষা, বাংলা ভাষার মর্যাদা এবং সংগঠনের আগামী দিনের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের দ্বিতীয় দিনে শিক্ষাক্ষেত্র ও সমাজের গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে তিনটি বিশেষ প্রস্তাব গৃহীত হয়।
প্রথমত, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ‘বন্দেমাতরম’ গীত গাওয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে এবিভিপি স্বাগত জানায়। এবিভিপির বক্তব্য, ‘বন্দেমাতরম’ কেবল একটি গীত নয়, এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও জাতীয় চেতনার সঙ্গে গভীরভাবে যুক্ত। তাই শিক্ষা প্রতিষ্ঠানে এর যথাযথ মর্যাদা প্রদান ছাত্রসমাজের মধ্যে দেশপ্রেম ও জাতীয় চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দ্বিতীয়ত, রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে ছাত্র-ছাত্রীদের দৈনন্দিন জীবনে মোবাইল ও ডিজিটাল স্ক্রিনের অতিরিক্ত ব্যবহার কমিয়ে সৃজনশীল, সামাজিক ও শারীরিক কার্যকলাপে উৎসাহিত করার লক্ষ্যে “Screen Time to Activity Time” কর্মসূচিকে কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরে আরও বিস্তৃত করার প্রস্তাব গ্রহণ করা হয়। পাশাপাশি ছাত্রীদের আত্মবিশ্বাস ও আত্মরক্ষার ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কলেজে কলেজে বিশেষ Self Defence Camp আয়োজনের উপর জোর দেওয়া হয়।
তৃতীয়ত, ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাড়িভিট উচ্চ বিদ্যালয়ে বাংলা ভাষার শিক্ষক নিয়োগের দাবিকে কেন্দ্র করে আন্দোলনে প্রাণ হারানো রাজেশ সরকার ও তাপস বর্মণের আত্মবলিদানকে স্মরণ করে প্রতি বছর ২০ সেপ্টেম্বর ‘পশ্চিমবঙ্গ বাংলা ভাষা দিবস’ হিসেবে ঘোষণা করার দাবি জানানো হয়। এবিভিপির পক্ষ থেকে রাজ্যের প্রতিটি কলেজ ক্যাম্পাস ও শিক্ষা প্রতিষ্ঠানে এই দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালনের উদ্যোগ গ্রহণের কথাও বলা হয়।
বৈঠকে এবিভিপির রাষ্ট্রীয় সহ সংগঠন সম্পাদক গোবিন্দ নায়ক , পূর্ব ক্ষেত্র সংগঠন সম্পাদক অপাংশুশেখর শীল মহাশয়, পূর্ব ক্ষেত্র সহ সংগঠন সম্পাদক বাইলোচন সাহু মহাশয়, দক্ষিণবঙ্গ প্রদেশ সভাপতি প্রফেসর (ড.) মনোরঞ্জন রায় মহাশয়, রাজ্য সম্পাদক নীলকন্ঠ ভট্টাচার্য মহাশয়, প্রদেশ সংগঠন সম্পাদক প্রেমজ্যোতি নাথ মহাশয় এবং প্রদেশ সহ সংগঠন সম্পাদক সঞ্জয় মল্লিক মহাশয় সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার কার্যকর্তারা উপস্থিত ছিলেন।
দুই দিবসীয় এই বৈঠকে সংগঠনের আগামী দিনের বিভিন্ন যোজনা ও কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হয় এবং ছাত্রসমাজের সঙ্গে আরও নিবিড়ভাবে সংযোগ স্থাপন করে শিক্ষা, ছাত্রস্বার্থ, নারী সুরক্ষা, জাতীয় চেতনা ও বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
